• অনুরাগ ঠাকুরের মিছিলে ভিড় নেই, চিন্তা বিজেপির
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শমীক ভট্টাচার্য থেকে স্মৃতি ইরানি হয়ে অনুরাগ ঠাকুর। তারকা প্রচারকের প্রচারপর্বকে সামনে রেখে ভিড় টানতে ধারাবাহিক ব্যর্থতা ঘিরে ধরছে বিজেপি’কে।  শমীক ও স্মৃতি অতীত। কিন্তু ফলাফল যে বদলাচ্ছে না, তা দেখা গেল মঙ্গলবারের চুঁচুড়ায়। কেন্দ্রীয় নেতা অনুরাগ ঠাকুরকে এনে মশাল মিছিল করল বিজেপি। ছিলেন প্রার্থী সুবীর নাগ। কিন্তু এই মিছিলের প্রতি আগ্রহ যেমন দেখা যায়নি তেমনই ভিড় জমাতেও ব্যর্থ পদ্মপার্টি। এদিন মিছিলের পথ ছিল হুগলি মোড় থেকে ব্যান্ডেল লিচুতলা। রাস্তাতে মিছিল দেখতে তেমন লোক জমেনি। বিজেপির কর্মী, সমর্থকদের ভিড়ও উল্লেখযোগ্য ছিল না। সব মিলিয়ে ভোটপ্রচারে সাড়া ফেলে দেওয়ার আরও একটি প্রয়াস ব্যর্থই হয়েছে, এমনটাই বলছে রাজনৈতিক মহল। মিছিলের পথের পাশে থাকা নাগরিক মহলের একাংশকে ঠাট্টা করে এদিনই বলতে শোনা গিয়েছে যে, মশালটাও নিভে গিয়েছে। বস্তুত, বাইক নিয়ে ওই মিছিলে মশাল জ্বালানো হয়েছিল। কিন্তু বাস্তবে সেসব বেশিক্ষণ জ্বলেনি। প্রসঙ্গত, সম্প্রতি শমীক ও স্মৃতিকে এনে কর্মসূচি করেছিল বিজেপি। তাতেও ভিড় দেখা যায়নি। যদিও বিজেপি জেলা সভাপতি (হুগলি সাংগঠনিক) গৌতম চট্টোপাধ্যায় বলেন, চুঁচুড়ার বাসিন্দারা পরিবর্তনের জন্য তৈরি।
  • Link to this news (বর্তমান)