নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দিন দিন বাড়ছে সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে অর্থ খোয়ানোর মতো প্রতারণা বা ‘ইনভেস্টমেন্ট ফ্রড’। তবে, এবার ফোনের ওপার থেকে নয়। তাঁর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বৃদ্ধের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন এক যুবক। ব্যাংকে গচ্ছিত টাকা বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে হবু শ্বশুরকে উপদেশও দেন তিনি। হবু জামাইয়ের সেই ‘উচ্চ রিটার্ন’-এর ফাঁদে পড়ে ৪৫ লক্ষ টাকা বিনিয়োগও করেছিলেন বৃদ্ধ। কিন্তু, পরে ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁর নামে কোনও বিনিয়োগই হয়নি! প্রতারক হবু জামাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং টাকা ফেরানোর দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
প্রতারিত বৃদ্ধ বাগুইআটির কেষ্টপুরের বাসিন্দা। তাঁর একমাত্র মেয়ের বিয়ের জন্য পাত্রের খোঁজ করছিলেন। একজন পাত্রের খোঁজও পাওয়া যায়। সশরীরে মেয়ের সঙ্গে ওই পাত্র দেখাও করে। তারপর দু’জনের মধ্যে কথাবার্তা শুরু হয়। পাত্রীর বাবা পুলিশকে জানিয়েছেন, ব্যাংকে আমরা সারা জীবনের সঞ্চিত ৪৫ লক্ষ টাকা ছিল। ওটাই শেষ অবলম্বন। ছেলেটি বলেছিল, সে ব্যাংকে চাকরি করে। তাই আমরা ওর কথায় বিশ্বাস করে, ৪৫ লক্ষ টাকা দিয়ে ফেলেছিলাম। ও নিজে বিনিয়োগগুলি করেছিল। কোন ব্যাংকে করেছে, সেটা কেবল জানিয়েছিল।
পরে ওই ব্যাংকে খোঁজ নিতে যান হবু শ্বশুর। ব্যাংকের কর্মীরা তাঁর কথা শুনে আকাশ থেকে পড়েন। তাঁকে জানিয়ে দেন, তাঁর নামে কোনও স্কিম জমা পড়েনি। এমনকী, যে স্কিমের কথা বলা হয়েছিল, বাস্তবে ওই নামের কোনও স্কিমই নেই ব্যাংকে! তারপরই তিনি বাড়ি ফিরে এসে হবু জামাইয়ের কাছে টাকা ফেরত চান। অভিযোগ, হবু জামাই টাকা ফেরত না দিয়ে এখন হুমকি দিচ্ছেন। বৃদ্ধ পুলিশকে জানিয়েছেন, ওই টাকা হারিয়ে তাঁরা অথই জলে পড়েছেন। না খেয়ে মরার অবস্থা হয়েছে তাঁদের। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।