নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি: মঙ্গলবার শেষদিনের প্রচারে ময়নাগুড়িতে বলিউড অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনীকে নিয়ে এসেও সভাস্থলের চেয়ার ভরাতে পারল না বিজেপি। একই অবস্থা কোচবিহার দক্ষিণ কেন্দ্রেও। সেখানে দলীয় প্রার্থী রথীন্দ্রনাথ বসুর সমর্থনে ‘ড্রিম গার্ল’ এর রোড শোয়ে কর্মী-সমর্থকদের থেকে কেন্দ্রীয় বাহিনী আর গাড়ির ভিড়ই ছিল বেশি। ভিড় জমেনি মেখলিগঞ্জের উছলপুকুরির সভাতেও। ময়নাগুড়ি বাইপাস সংলগ্ন মাঠে এদিন যখন হেমার কপ্টার নামে, তখনও সভাস্থলে ফাঁকা ছিল চেয়ার। এই পরিস্থিতিতে মঞ্চে উঠে কয়েক মিনিট ভাষণ দিয়েই নেমে যান তিনি। মেখলিগঞ্জের উছলপুকুরিতে দধিরাম রায়ের সমর্থনে জনসভা করেন হেমা। কিন্তু সেখানেও প্রত্যাশিত ভিড় না হওয়ায় গেরুয়া শিবিরে হতাশা স্পষ্ট। সাংগঠনিক দুর্বলতা ও জনসংযোগের অভাবই এর কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ফাঁকা হেমা মালিনীর সভা।-নিজস্ব চিত্র