নিষেধাজ্ঞার নামে সার্কাস! ভোটটা দিতে পারব তো?, তুঘলকি, ক্ষুব্ধ বাইক চালকরা
বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধরুন, পরের দিন ভোট। আর তার আগের দিন আপনি বাইক চালিয়ে অফিস থেকে ফিরছেন। আপ্রাণ চেষ্টা করেও সন্ধ্যা ৬টার আগে বাড়ি পৌঁছাতে পারলেন না। কোনো ইমার্জেন্সির কারণে আটকে গিয়েছিলেন, এমনটা নয়। আবার কোনো পারিবারিক অনুষ্ঠানেরও ব্যাপার নেই। নিত্যদিনের ট্রাফিক জ্যামের কারণেই দেরি। সেই ক্ষেত্রেও কী ধরে জেলে ঢুকিয়ে দেবে? নির্বাচন কমিশনের ‘বাইক নিষেধাজ্ঞা’ ঘিরে এমনই সব প্রশ্ন উঠে আসছে বাইক চালকদের মনে। সব বাইক চালককে সার্বিকভাবে সন্দেহের আসনে বসানোয় কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। তাঁরা এই ফরমানকে তুঘলকি বলে সমালোচনায় মুখর হয়েছেন।
কলকাতার সব থেকে পুরানো বাইকার্স ক্লাব ‘নর্থ কলকাতা দিশা’র অন্যতম কর্ণধার সুব্রত বড়াল বলেন, ‘বাইক চালালেই কেউ দুষ্কৃতী বা ভাড়া করে নিয়ে আসা ভোটের গুন্ডা হয়ে যায় না। এটা মাথায় রেখেই বিজ্ঞপ্তি জারি করা উচিত ছিল। আমরা সারা দেশে বাইক নিয়ে ঘুরে বেড়াই। আন্তর্জাতিক স্তরের স্বীকৃতিও রয়েছে বাংলার বাইকার্সদের ঝুলিতে। সেই ক্ষেত্রে সার্বিকভাবে দাগিয়ে দেওয়া আত্মসম্মানে আঘাত করার সমান। এটা মেনে নেওয়া যায় না।’
নির্বাচনের দু’দিন আগে থেকে বাইক মিছিল ছাড়াও সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত সার্বিকভাবে বাইক চলাচলের (চিকিৎসার মতো ইমার্জেন্সি এবং পারিবারিক অনুষ্ঠান ছাড়া) উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। আবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনের সিটে কোনো ব্যক্তিকে বসিয়ে নিয়ে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও পরে কমিশনের তরফে অ্যাপ বাইক চালক এবং অ্যাপ ভিত্তিক খাবার ও পণ্য সরবরাহকারীদের ছাড়ের কথা বলা হলেও এই নিষেধাজ্ঞা ঘিরে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বাইক চালক সন্তোষ সর্দার জানিয়েছেন, ‘এটা আবার কেমন তুঘলকি নিয়ম? হেলমেট পরে ট্রাফিক আইন মেনে চললেও নিজের গাড়ি নিজে চালাতে পারব না? আমি তো কোনো অন্যায় করিনি যে, আমার বাইক চালানোর অধিকার থাকবে না।’
নিষেধাজ্ঞার ব্যাপারটা শুনেই প্রশ্ন করেছেন অ্যাপ বাইক চালক সুরেশ। তাঁর কথায়, ওই সংক্রান্ত প্রথম বিজ্ঞপ্তি হোয়াটসঅ্যাপে এসেছে। কিন্তু তাতে আমাদের ছাড় দেওয়ার ব্যাপার কিছু লেখা নেই। ছাড় দেওয়ার কথা শুনছি। কিন্তু সেটা পুলিশ কতটা মানতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।।