• মদের দোকানের ‘লাইসেন্স’ টোপ দিয়ে প্রতারণা, গ্রেপ্তার
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতার বউবাজার থানার পুলিশ। ধৃতের নাম দের্বাচন বসু (৪৬)। সোমবার রাতে বউবাজার থানার টিম কসবার রাজডাঙা মেন রোডের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করেছে।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চলতি মাসের মাঝামাঝি রাজ্যের এক্সাইজ ডিরেক্টরেটের পক্ষ থেকে একজন জয়েন্ট কমিশনার বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আবগারি কর্তা জানিয়েছেন, নিজেকে আবগারি অফিসার পরিচয় দিয়ে দের্বাচন বসু আবেদনকারীদের কাছ থেকে নগদ টাকা সহ নানা রকম সুযোগ-সুবিধা হাতিয়ে নিয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত দের্বাচন বসুর নামে প্রতারণা, ভুয়ো পরিচয়ে প্রতারণা, সরকারি আধিকারিক পরিচয়ে প্রতারণার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। 

    কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, তদন্তে বউবাজার থানার হাতে একটি অডিয়ো টেপ আসে। সেই সূত্র মারফত বেশ কিছু তথ্য সংগ্রহ করে বউবাজার থানার তদন্তকারী অফিসার। এরপর সোমবার রাতে বউবাজার থানার ওসি রাজীব সরকারের নেতৃত্বে একটি টিম রাজডাঙা থেকে প্রধান অভিযুক্ত দের্বাচন বসুকে গ্রেপ্তার করে।

    ধৃতকে মঙ্গলবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। আদালত তাকে ২৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তদন্তকারী অফিসার জানতে চাইছেন, এই প্রতারণার মাধ্যমে ধৃত বাজার থেকে মোট কত টাকা তুলেছে।
  • Link to this news (বর্তমান)