পহেলগামে জঙ্গি হামলার এক বছর পূর্ণ হতে চলেছে আজ, বুধবার ২২ এপ্রিল। আতঙ্কের সেই ঘটনার বর্ষপূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে X হ্যান্ডলে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। পোস্টে তিনি লিখেছেন, ‘গত বছর (২০২৫) আজকের দিনে জম্মু-কাশ্মীরের পহেলগামে ২৬ জন সাধারণ মানুষকে নৃশংস ভাবে হত্যা করেছিল জঙ্গিরা। ওই ঘটনা ভারতীয়রা কোনও দিন ভুলবেন না। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। ভারত সন্ত্রাসের কাছে কখনও মাথা নত করবে না।’
ভারতীয় সেনাবাহিনীর তরফেও পহেলগামে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে একটি পোস্ট করা হয়েছে X হ্যান্ডলে। পোস্টে লেখা হয়েছে, ‘ভারতের বিরুদ্ধে হওয়া যে কোনও ষড়যন্ত্রের নিশ্চিত জবাব দেওয়া হবে। দোষীদের উচিত সাজা দেওয়া হবে। ন্যায়বিচারই অগ্রাধিকার।’
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে ধর্ম যাচাই করে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল পাক জঙ্গিরা। পরিবারের সামনেই হত্যা করা হয়েছিল ২৬ জন পুরুষ পর্যটককে। ছেড়ে দেওয়া হয়েছিল স্ত্রীদের। তার পরেই শুরু হয় ভারতের পাল্টা আঘাত। শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাটি এবং সামরিক লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ভারতের প্রত্যাঘাতে ১০০-র বেশি জঙ্গি খতম হওয়ার পরে পাকিস্তান পাল্টা আক্রমণের চেষ্টা করেছিল। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। চার দিনের লড়াইয়ের পরে পাকিস্তান পিছু হটে যুদ্ধবিরতির অনুরোধ জানায়।
এ ছাড়াও, পহেলগামে হওয়া হামলার মূল তিন পাণ্ডাকে খুঁজে বের করতে ‘অপারেশন মহাদেব’ চালিয়েছিল ভারতীয় সেনা। প্রায় ৯৩ দিন ধরে ৩০০ বর্গ কিলোমিটারের দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ওই তিন জঙ্গিকে খতম করা হয়েছিল। বর্তমানে পাক সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ভারত। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যে ‘অপারেশন সিঁদুর’ এখনও অব্যাহত রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই আমৃত্যু চলবে।