• গোষ্ঠীদ্বন্দ্বের জের, তৃণমূল থেকে বিজেপিতে যোগ শতাধিক পরিবারের
    এই সময় | ২২ এপ্রিল ২০২৬
  • এই সময়, আরামবাগ: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল ছেড়ে সাত সকালেই বিজেপি প্রার্থীর হাত ধরে বিজেপিতে যোগদান করল ১০০টিরও বেশি পরিবার। ভোটের আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে। এই নিয়ে রীতিমতো রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে এলাকায়। যদিও তৃণমূল শিবির জানিয়েছে, এই নিয়ে কোনও মাথাব্যথা নেই তাদের। তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজির নির্বাচনী প্রচারের মাঝেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলে ভাঙন শুরু হয়।

    সাত সকালেই গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর গ্রামের ২৬১ নম্বর বুথের পণ্ডিত পাড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল এলাকার প্রায় ১০০টিরও বেশি পরিবার, যেখানে আনুমানিক ৮০০ ভোটারের বসবাস। দলত্যাগী পরিবারগুলির অভিযোগ, গত শনিবার বালি গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী প্রচারে এসেছিলেন তৃণমূলের গোঘাটের প্রার্থী নির্মল মাজি। সেই সময়েই দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে বলে দাবি তাঁদের। অভিযোগ ওঠে, প্রার্থীর সামনেই পঞ্চায়েতের এক সদস্যকে মারধর করা হয়, যার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আক্রান্ত ওই গ্রাম পঞ্চায়েত সদস্যর নাম নবকুমার পণ্ডিত। মঙ্গলবার গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগর এবং পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের হাত থেকে ওই পরিবারগুলি বিজেপির দলীয় পতাকা তুলে নেন।

    বিজেপিতে যোগদানকারী তৃণমূলের এক সদস্য নেপাল পণ্ডিত বলেন, 'আমাদের নিরাপত্তা কোথায়? তৃণমূলের প্রচার ছিল। নির্মল মাজি এসেছিলেন। তিনি কিছুটা এগিয়ে গিয়েছিলেন। আমরা পিছন দিকে ছিলাম। সেখানে নবকুমার কোনও একটি বিষয়ে প্রতিবাদ করেছিলেন। তখন তাঁকে বেধড়ক মারধর করা হয়। তা হলে আমাদের কর্মীদের সুরক্ষা কোথায়? তাই আমরা বিজেপিতেই যোগদান করলাম। এখানেই আমাদের নিরাপত্তা আছে।'

    বিজেপি প্রার্থী প্রশান্ত দিগরের দাবি, 'এই যোগদান শুধুমাত্র শুরু, আগামী দিনে আরও বহু মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। ওঁরা বুঝেছেন যে , তৃণমূলে কোনও নিরাপত্তা নেই। আমরা ওঁদের হাতে আমাদের দলীয় পতাকা তুলে দিয়েছি। ১০০টি পরিবারকে স্বাগত জানাই।' অন্য দিকে, তৃণমূল কংগ্রেসের তরফে গোঘাট ১ নম্বর ব্লক সভাপতি কাজল রায় এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে অতিরঞ্জিত তথ্য প্রচার করছে।

  • Link to this news (এই সময়)