• প্রবল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড আলিপুরদুয়ার, গাছ ভেঙে তছনছ ভোটকেন্দ্র! জখম ২ বিডিও
    প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৬
  • আগামী কাল, বৃহস্পতিবার ভোট। তার আগে মঙ্গলবার রাতে কালবৈশাখীর তাণ্ডব আলিপুরদুয়ারে। জেলার বিভিন্ন অংশে প্রবল ঝড়বৃষ্টি হয়। দুর্যোগের জেরে বহু ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায়। গাছ ভেঙে পড়ে তছনছ হয়ে গিয়েছে ভোটকেন্দ্র। জখম হয়েছেন দুই বিডিও। রাত থেকেই পরিস্থিতি উন্নতির জন্য প্রশাসন কাজ শুরু করেছে।

    উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চলে ঝড়বৃষ্টি গিত কয়েকদিন ধরেই চলছে। আলিপুরদুয়ারেও দুর্যোগের আভাস দেওয়া ছিল। গতকাল, সন্ধের পর প্রায় গোটা জেলাজুড়েই দুর্যোগ ধেয়ে এল। কালবৈশাখীর তাণ্ডবে জেলার বিভিন্ন অংশ কার্যত লণ্ডভণ্ড হল। বহু জায়গায় বড় বড় গাছ পড়ে যায়। বিদ্যুতের খুঁটি গাছ পড়ে ভেঙে গিয়েছে বলে খবর।

    প্রায় ৩০ মিনিট ধরে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে বলে খবর। প্রশাসন সূত্রে খবর, সব থেকে বেশি ঝড় হয়েছে আলিপুরদুয়ার জেলা সদরে। ভোটের প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে রবীন্দ্রভবনে। গতকাল দুর্যোগের সময় সেখানে ছিলেন আলিপুরদুয়ার ১ ব্লকের বিডিও অরিজিৎ দাস ও কালচিনির বিডিও মিঠুন মজুমদার। সিলিং ভেঙে জখম হয়েছে দুই বিডিও। তাঁদের দু’জন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

    মাদারিহাট বিধানসভার লঙ্কাপাড়া টিজি প্রাইমারি স্কুলে এবার ভোটের কেন্দ্র করা হয়েছে। ভোটের বুথ তৈরির কাজ হয়ে গিয়েছিল। ঝড়বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে ক্ষতি হয়েছে ওই স্কুলের। ভেঙে তছনছ হয়ে গিয়েছে ওই বুথ। বীরপাড়াতে গাছ পড়ে বহু রাস্তা অবরুদ্ধ হয়। বেশ কিছু বুথের বাইরে প্রশাসনের তরফ থেকে টাঙিয়ে রাখা ত্রিপল খুলে পড়ে যায়। ত্রিপলের স্ট্রাকচারও ভেঙে গিয়েছে। গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। গভীর রাত পর্যন্ত সেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি বলে খবর। রাত থেকেই পরিস্থিতি ঠিক করার জন্য প্রশাসন পথে নামে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলতে থাকে। এদিন সকাল থেকে বিভিন্ন এলাকার জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য কাজ চলছে। আগামী কাল বৃহস্পতিবার জেলায় ভোট। তার আগে এই দুর্যোগ দুশ্চিন্তায় ফেলেছে প্রশাসন ও নির্বাচন আধিকারিকদের।

     
  • Link to this news (প্রতিদিন)