• তৃণমূল নেতার গাড়িতে দলীয় পতাকায় ঢাকা পেটি পেটি মদ, ভোটের আগে শোরগোল দৌলতাবাদে
    এই সময় | ২২ এপ্রিল ২০২৬
  • তৃণমূল নেতার গাড়ি থেকে রাতের অন্ধকারে উদ্ধার পেটি পেটি মদ। মুর্শিদাবাদের দৌলতাবাদে মঙ্গলবার রাতের ঘটনা। এ দিন গোপন সূত্রে খবর পেয়ে একটি সাদা রঙের স্করপিও গাড়ি থেকে প্রচুর পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, বাজেয়াপ্ত হওয়া মদের পেটিগুলি তৃণমূল কংগ্রেসের পতাকা ও ফেস্টুন দিয়ে ঢাকা ছিল। বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের ৯৬ ঘণ্টা আগে থেকে রাজ্যের সমস্ত মদের কাউন্টার বন্ধ করা হয়েছে। তার পরেও বিপুল পরিমাণ মদ উদ্ধার হওয়ায় নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় চালক-সহ দু’জনকে প্রথমে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তরের আধিকারিকরা বহরমপুর থেকে ওই গাড়ির উপরে নজর রাখছিলেন। গাড়িটি বহরমপুর থেকে রানিনগরের দিকে যাওয়ার সময়ে আচমকা গতি বেড়ে যায়। পুলিশ দৌলতাবাদ থানার ছয়ঘরি-হাসানপুর মোড়ের কাছে গাড়িটি আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এর পরে পুলিশ ধাওয়া করে অবশেষে গাড়িটিকে ধরে ফেলে।

    তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৯ পেটি অর্থাৎ প্রায় ৭০ লিটারের বেশি বিদেশি মদ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটি রানিনগরের তৃণমূল নেতা আব্দুর রহমান জামি ব্যবহার করতেন। সূত্রের খবর, আব্দুর রহমান জামি রানিনগরের বিদায়ী বিধায়ক সৌমিক হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় তাঁদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল নেতার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

    আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর বিমান ভট্টাচার্য বলেন, ‘গোপন সূত্রে মদ পাচার হওয়ার খবর পাই। বহরমপুর থেকেই গাড়িটি ট্র্যাক করা হচ্ছিল। শেষ পর্যন্ত দৌলতাবাদের কাছে গাড়িটি ধরা পড়ে।’ রানিনগরের কংগ্রেস প্রার্থী জ়ুলফিকার আলি ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণে শানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করেছিলাম এলাকায় অবৈধ মদের কারবার চলছে। পুলিশ ও আবগারি দপ্তরের তৎপরতাকে আমি সাধুবাদ জানাই। জেলা পুলিশ সুপার-সহ সংশ্লিষ্ট আধিকারিকদেরও ধন্যবাদ জানাচ্ছি।’

    যদিও এ বিষয়ে পাত্তা দিতে নারাজ রানিনগরের বিদায়ী বিধায়ক সৌমিক হোসেন। তিনি বলেন, ‘বিরোধীরা হেরে যাওয়ার ভয়ে রাজ্য়ের শাসকদলের বিরুদ্ধে ভুল খবর রটাচ্ছে।’

  • Link to this news (এই সময়)