ভোটের জন্য রাজস্থান থেকে কোচবিহারের বাড়িতে ফিরছিলেন। ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে মৃত্যু হলো মহিলার। মৃতের নাম মিঠু কুণ্ডু (৪৮)। কোচবিহারের রাসমেলা মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
মিঠু থাকেন রাজস্থানে। তবে আদি বাড়ি কোচবিহারে। সেখানকারই ভোটার তিনি। প্রথম দফায় আগামিকাল, বৃহস্পতিবার কোচবিহারে ভোট। ভোট দিতেই রাজস্থান থেকে বাড়ি ফিরছিলেন। মঙ্গলবার রাতে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরেন মিঠু। সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন বলে খবর।
বুধবার ট্রেন ময়নাগুড়ি ঢোকার মুখে অসুস্থ বোধ করেন মিঠু। সঙ্গে সঙ্গে ট্রেনে দায়িত্বপ্রাপ্তদের জানানো হয়। ময়নাগুড়ি জিআরপি ও রেলপুলিশ ময়নাগুড়ি স্টেশনে তাঁকে ট্রেন থেকে নামায়। প্রাথমিক চিকিৎসার পরে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি।