• সপ্তাহান্তে ধেয়ে আসছে কালবৈশাখী, স্বস্তি কলকাতায়, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
    এই সময় | ২২ এপ্রিল ২০২৬
  • দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে ভ্যাপসা গরম। যার জেরে নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এই পরিস্থিতিতে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিশেষ করে রবিবার কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। তবে তার আগে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে গরম। যার জেরে বজায় থাকবে অস্বস্তি। একই সঙ্গে সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের। এক কথায় বলাই যায় প্রথম দফার ভোটে লাইনে দাঁড়িয়ে নাজেহাল হতে হবে ভোটার থেকে শুরু করে ভোট কর্মীদের।

    বুধবার সকাল থেকেই চড়া রোদ শহরের আকাশে। সঙ্গে অস্বস্তিকর গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। তবে সপ্তাহান্তে বদলাতে পারে পরিস্থিতি। কলকাতায় রবিবার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম।

    চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। দুপুরের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যার জেরে প্রয়োজন ছাড়া দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। পথচলতি মানুষদের জলের বোতল এবং ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ ছাড়াও, পানাগড় ও কলাইকুন্ডায় ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে তাপমাত্রা। তবে সপ্তাহান্তে বদলাতে পারে পরিস্থিতি। রবিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। বর্ধমান, বীরভূম, নদিয়া ও বাঁকুড়ায় ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

    দক্ষিণবঙ্গ গরমে নাজেহাল হলেও মনোরম আবহাওয়া উত্তরবঙ্গে। প্রথম দফার ভোটেও মোটের উপর স্বস্তি থাকবে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

  • Link to this news (এই সময়)