‘আমি কিছু হারানোর ভয় পাই না।’ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পর প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। রাহুলের মৃত্যুর বিষয়টি তদন্তাধীন। তাই সে প্রসঙ্গে কোনো কথা বলেননি তিনি। বরং সম্প্রতি তাঁর মন্তব্য প্রসঙ্গে যে চর্চা চলছে সমাজমাধ্যমে, তা নিয়েই এমন উক্তি নায়িকার। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ে তালসারিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। সেই সময় অভিনেতার সঙ্গে ছিলেন শ্বেতা। তবে ওই ঘটনার পর থেকেই তিনি ‘নীরব’। সমাজমাধ্যমে উত্তাল টলিউড প্রসঙ্গে কয়েকটি বিষয় রি-পোস্ট করলেও নিজে সেভাবে মুখ খোলেননি। অনেকে প্রশ্ন তুলছিলেন, কাজ হারানোর ভয়েই কি মুখ খুলছেন না নায়িকা? সম্প্রতি তাঁর কয়েকটি মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হয়। তার জেরে মঙ্গলবার ইনস্টাগ্রামে শ্বেতা লিখলেন, ‘সম্প্রতি প্রকাশিত আমার মন্তব্য অত্যন্ত ব্যক্তিগত ও বিশ্বাসের জায়গা থেকে বলা। আমার অনুমতি ছাড়াই তা প্রকাশ করা হয়েছে।’ তাঁর সংযোজন, ‘এমন কিছু কথা লেখা হচ্ছে, যেগুলি আমি ওভাবে বলিনি। কখনো বলিনি, আমার কেরিয়ার শেষ। আমি তা নিয়ে ভয় পাই না, সেটা জানিয়েছি মাত্র।’ রাহুলের মৃত্যুর পর ইতিমধ্যে বন্ধ হয়েছে ‘ভোলেবাবা...’ ধারাবাহিকটি। শ্বেতা আপাতত কোনো কাজ করছেন না। কবে তিনি কাজে ফিরবেন, তা নিয়ে নানা জল্পনা চলছে।