• বাইকে বিধিনিষেধ নিয়ে হাইকোর্টে মামলা, অনুমতি দিল হাইকোর্ট
    দৈনিক স্টেটসম্যান | ২২ এপ্রিল ২০২৬
  • নির্বাচনকে ঘিরে বাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায় তা নিয়ে আইনি বিতর্ক শুরু হয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আবেদনকারী। বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং জানা গেছে, আগামী ২৩ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, এই ধরনের নিষেধাজ্ঞা সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে অযথা অসুবিধা তৈরি করবে।

    সম্প্রতি নির্বাচন একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভোটের দু’দিন আগে থেকে কোনও ধরনের বাইক মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যক্তিগত বাইক ব্যবহারের উপরও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো গেলেও চালকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না। একই নিয়ম ভোটের দিনও বহাল থাকবে।

    তবে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। কমিশন জানিয়েছে, ভোট দিতে যাওয়া বা জরুরি প্রয়োজন—যেমন চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের আনা-নেওয়ার ক্ষেত্রে—এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রেও কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে। এছাড়া র্যাপিডোর মতো অ্যাপভিত্তিক বাইক পরিষেবাগুলির উপর এই নিয়ম কার্যকর হবে না বলেও জানানো হয়েছে।

    এর বাইরে কেউ বিশেষ কারণে এই বিধিনিষেধ থেকে ছাড় পেতে চাইলে সংশ্লিষ্ট স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এই নির্দেশের বৈধতা নিয়েই এবার আদালতে প্রশ্ন উঠেছে। ফলে আগামী শুনানিতে আদালত কী পর্যবেক্ষণ দেয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)