• শ্রীজাতকে নাকি গ্রেপ্তার করা হবে! সঙ্গে সঙ্গে কবিকে ফোন করে কী আশ্বাস দিলেন মমতা?
    প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৬
  • রাজ্যে প্রথম দফা ভোটের ঠিক আগের দিন সকাল থেকে শোরগোল একটি খবর ঘিরে। কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যে কোনও সময় তিনি গ্রেপ্তার হতে পারেন। সোশাল মিডিয়ায় ভাইরাল এই খবর কবি নিজেও জানতেন না। সংবাদমাধ্যমের কাছে তা জেনে শ্রীজাত হতচকিত হয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, আইনজীবীর সঙ্গে কথা বলবেন বিষয়টি নিয়ে। দার্শনিক প্লেটোর উক্তি উল্লেখ করে তিনি প্রশাসনের বিরুদ্ধে তাঁর ছোট্ট কটাক্ষ, ‘‘রাষ্ট্রে কবিদের জায়গা নেই।” যদিও নির্বাচন কমিশন পরে জানায়, এই খবর সম্পূর্ণ ভুয়ো। বুধবার এনিয়ে আমডাঙার জনসভা থেকে এনিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে দুষলেন। উদ্বেগভরা গলায় বললেন, ‘‘শ্রীজাতকে নাকি কেউ ফোন করে বলেছে, আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, গ্রেপ্তার করা হবে। আমি সঙ্গে সঙ্গে তাঁকে ফোন করলাম। এ আবার কী!”

    শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ‘ভুয়ো’ খবর ছড়িয়ে পড়ায় বিড়ম্বনায় পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকেও। বুধবার জনসভা থেকে তিনি বলেন, ‘‘সকাল থেকে ফোন আর মেসেজে পাগল হয়ে যাচ্ছি। শ্রীজাতকে নাকি কেউ ফোন করে বলেছে, আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করা হবে। আমি সঙ্গে সঙ্গে ওঁকে ফোন করলাম। ব্যাপারটা কী? এসব কী হচ্ছে? পুলিশ তো এখন আমার হাতে নেই। আমাকে চেনেই না। বিজেপিকে চেনে এখন। আমি অ্যালার্ট করে বলছি, পরে কিন্তু এখানেই আপনাদের কাজ করতে হবে।”

    শোনা গিয়েছিল, বছর কয়েক আগে শ্রীজাতের লেখা ‘অভিশাপ’ কবিতাটি নিয়েই নাকি জোর বিতর্ক! যার জেরে এর আগে ফেসবুক থেকে তাঁর কবিতা তুলে নেওয়া, এমনকী কবিকে প্রাণে মারার হুমকি থেকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, এফআইআর – বাদ যায়নি কিছুই! এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে ধর্মীয় ভাবাবাগে আঘাতের অভিযোগে কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের হয়েছিল শ্রীজাতর বিরুদ্ধে। অতীতে তার জেরেই অসমে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কট্টরপন্থী হিন্দু সংগঠনের বিক্ষোভ-হামলার মুখে পড়েছিলেন শ্রীজাত। তিন ঘণ্টা তাঁকে আটকেও রাখা হয় সেসময়ে। সংশ্লিষ্ট মামলার জেরেই নাকি ছাব্বিশের নির্বাচনের প্রাক্কালে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় বলে রটে যায় আচমকা!

    এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক্কালে বুধসকালে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রকাশ্যে আসতেই কমিশনের বিরুদ্ধে তোপ দেগে সরব হয়েছিল বাংলার ওয়াকিবহাল মহল। তবে খানিক পরেই কমিশন জানায়, ‘এই খবর ভুয়ো।’ কিন্তু এরপর আরও একটি ব্যাখ্যা দিয়েছে ওয়াকিবহাল মহল। ভোটের আগে যাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। শ্রীজাতর বিরুদ্ধে পুরনো মামলা থাকায় সেই পরোয়ানাই প্রকাশ্যে আনা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)