• ফের নিশানায় তৃণমূলের ২ হেভিওয়েট প্রার্থী! রথীন ঘোষ, সুজিত বসুকে ফের ইডি তলব
    প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৬
  • ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের ‘বিরক্ত’ কেন্দ্রীয় এজেন্সির। প্রথম দফা ভোটের পর ফের ইডির তলব পেলেন হেভিওয়েট প্রার্থী সুজিত বসু (Sujit Bose) ও রথীন ঘোষ (Rathin Ghosh)। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ২৪ এপ্রিল তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। এর আগে তিনবার তৃণমূলের এই দুই হেভিওয়েট প্রার্থীকে তলব করেছিল। কিন্তু প্রচারের কাজে ব্যস্ত থাকায় তাঁরা যেতে পারেননি। তার বদলে সুজিত বসুর ছেলে নথিপত্র নিয়ে ইডি অফিসারদের সঙ্গে দেখা করেছিলেন।কিন্তু তারপরও তাঁকে তলব করা হল। 

    ইডি সূত্রে খবর, বুধবার ফের বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। এর আগেও দু’বার তলব করা হয়েছে তাঁকে। ১০ এপ্রিল সুজিত বসুকে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফা ভোট সুজিতের কেন্দ্রে। তাই প্রচারের কাজে আপাতত তুমুল ব্যস্ত তিনি। তাই স্বাভাবিকভাবেই হাজিরা দিতে না পেরে ছেলে সমুদ্র বসুর মাধ্যমে নথিপত্র পাঠিয়েছিলেন। তারপরও সুজিত বসুকে তলব করা হয়েছে। 

    পাশাপাশি একই মামলায় তৃতীয়বার তলব করা হল মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী রথীন ঘোষকে। তিনিও এই মুহূর্তে প্রচারে ব্যস্ত। তাই ভোটের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। কিন্তু এভাবে বঙ্গে ভোটের মাঝে শাসক শিবিরের দুই প্রার্থীকে ঘনঘন ইডি তলব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তোপ দেগেছে তৃণমূল। শুধু রথীন ঘোষ বা সুজিত বসুই নন, তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমারকেও জমি দুর্নীতি মামলায় ইডি তলব করেছিল। তিনি অবশ্য সল্টেলেকের দপ্তরে গিয়ে দেখা করেছেন, জমা দিয়েছেন নথিপত্র। আর ইডি দপ্তর থেকে বেরিয়ে আত্মবিশ্বাসী সুরে বলেছিলেন, ”আমার মার্জিন আরও বাড়ল।”
  • Link to this news (প্রতিদিন)