• কুলিক নদীতে নেমে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের দুই ছাত্রের মৃত্যু
    এই সময় | ২২ এপ্রিল ২০২৬
  • এক মাসের ব্যবধানে আবারও অঘটন কুলিক নদীতে। ডুবে মৃত্যু হলো দুই কিশোরের। বুধবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে শিয়ালমণি এলাকায়। মৃতদের নাম প্রীতম আচার্য ও বিশ্বজিৎ দাস। দু’জনেরই বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। পূর্ব কলেজপাড়া ও বীরনগরের বাসিন্দা তারা।

    স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে প্রীতম ও বিশ্বজিৎ বন্ধুদের সঙ্গে কুলিক নদীর শিয়ালমণি ঘাটে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময়ে আচমকা দু’জন তলিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার লোকজন।

    স্থানীয়দের তৎপরতায় নদী থেকে উদ্ধার করা হয় দেহ দু’টি। প্রীতম, বিশ্বজিৎ রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। এ ভাবে দুই বন্ধুর চলে যাওয়া মানতে পারছে না আত্মীয়স্বজন থেকে পরিচিতরা। পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

    মাসখানেক আগে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছিল শুভাশিস মণ্ডল নামে রায়গঞ্জের এক স্কুল ছাত্রের। তার পরে আবারও এই ঘটনা। এলাকার লোকজন জানান, নদীঘাটে আরও বেশি করে নজরদারির প্রয়োজন।

    পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাসের কথায়, ‘এ ভাবে দু’টো ছেলের প্রাণ চলে গেল, ভাবতেই পারছি না। এর আগেও অশোকপল্লির একটি ছেলে কুলিকে ডুবে মারা যায়। একমাসও হয়নি। খুবই দুঃখজনক ঘটনা এগুলো। আমাদের অভিভাবকদেরও আরও সচেতন হতে হবে। বাচ্চারা যাতে এ ভাবে নির্জন নদীঘাটে চলে না আসে, সেটাও দেখতে হবে। ভোট মিটলে আমরা পুরপ্রশাসন, পুলিশ সকলে মিলে এ নিয়ে আলোচনা করব। মাইকিং করে সতর্ক করতে হবে আমাদের। আমাদের একটা ব্যবস্থা করতেই হবে। এ ভাবে বাচ্চাগুলো চলে যাবে, এটা মানা যায় না।’

  • Link to this news (এই সময়)