ভোট দেওয়ার জন্য ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন। সেই ট্রেনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার সন্ধ্যায় ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে। মৃত শ্রমিকের নাম সুমিত মাতব্বর (৩১)।
যে ট্রেনে চেপে তিনি বাড়ি ফিরছিলেন, তাতে খুব ভিড় ছিল। সুমিত শৌচাগারের সামনে বসেছিলেন বলে তাঁর পরিবারের দাবি। ট্রেন খড়গপুর স্টেশনে ঢোকার সময়ে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের দাবি, পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়, মেঝেতে পড়ে ছটফট করতে থাকেন সুমিত।
এর পরে ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনে ঢোকার আগে সিগন্যালের অভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। অভিযোগ, সেই সময় যথাযথ চিকিৎসা না পাওয়ায় ট্রেনের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে সাঁতরাগাছি স্টেশনে সুমিতকে নামানো হয়। রেল পুলিশ তাঁকে রেলের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমিতকে মৃত ঘোষণা করেন। সাঁতরাগাছি জিআরপি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বুধবার হাওড়া পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। মৃত্যুর ঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
মৃতের ভাই রাজীব মাতব্বর জানান, সুমিত পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আগে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করেছেন। দেড় মাস আগে নাগপুরে একটি বেসরকারি নির্মাণ সংস্থায় যোগ দেন। ভোটের কারণে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এই বিষয়ে পুলিশের তরফে কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি।