বৃহস্পতিবার, ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচন। এ বার দুই দফায় ভোট হতে চলেছে রাজ্যে। গণতান্ত্রিক কাঠামোয় বিশেষ গুরুত্ব রয়েছে ভোটের। সেই নির্বাচন প্রক্রিয়া খতিয়ে দেখতে শিলিগুড়ি সফরে সাতটি দেশের প্রতিনিধি দল। ওই দলে রয়েছেন ১৩ জন সদস্য। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের একটি দল রাজ্যে আসেন। কমিশনের আধিকারিকদের সঙ্গেই শিলিগুড়ি কলেজ মাঠের DCRC-তে পৌঁছয় ওই প্রতিনিধি দল।
সূত্রের খবর, নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, গাম্বিয়া, সুইৎজ়ারল্যান্ড এবং কেনিয়ার বাসিন্দারা রয়েছেন প্রতিনিধি দলে। তাঁরা এ দিন ভারতের ভোট পরিচালনার ধরন সরাসরি পর্যবেক্ষণ করেন। নির্বাচনের প্রস্তুতি এবং ব্যবস্থাপন— সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখেন তাঁরা। এ ছাড়াও, এই সফরে রয়েছেন আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’-র প্রতিনিধিরাও।
এ দিন শিলিগুড়ির DCRC-তে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন বিতরণ করা হয়। এ ছাড়াও, নির্বাচনী সামগ্রী সংগ্রহ এবং ভোটকর্মীদের বিভিন্ন বুথে রওনা হওয়া সংক্রান্ত সমস্ত বিষয়টি তাঁরা খতিয়ে দেখেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভারতের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা বিশ্ব মঞ্চে তুলে ধরতে বিদেশি নাগরিকদের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবারের পরিদর্শনে তাঁরা ভোটকর্মীদের সঙ্গেও কথা বলেন। ভারতের মতো জনবহুল দেশে কী ভাবে নির্ভুল ভাবে ভোটের দিন পরিচালনা করা হয়, তা এই প্রতিনিধি দলের কাছে বিস্ময়ের বিষয়।