• সুরাপ্রেমীদের জন্য বিকল্প পথ! নতুন ঠিকানা কোথায়?
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানের আউশগ্রামে ভোটের আগে ড্রাই ডে কার্যকর হতেই এক অভিনব চিত্র সামনে এল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপাতত মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু তাতে কি নেশা করা থেমে থাকবে! না থাকেওনি। সুরাপ্রেমীরা বরং খুঁজে নিয়েছেন বিকল্প পথ। কমিশনের নির্দেশিকা লাগু হয়েছে ভোটের দু’তিন  আগে থেকেই। এলাকায় মদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় সমস্যায় পড়েন অনেকেই। আর সেই সুযোগেই নতুন করে চাহিদা বেড়েছে কাঁচা তালরসের। 

    সকাল থেকেই আউশগ্রামের বিভিন্ন প্রান্তে তালগাছের নিচে ভিড় জমাতে দেখা যাচ্ছে স্থানীয়দের। কারও হাতে ভাঁড়ভর্তি টাটকা তালরস, কোথাও আবার হাতে তাড়ির গ্লাস নিয়ে বসে ছোটখাটো আড্ডা।

    সাধারণত গরমকালে শরীর ঠাণ্ডা রাখতে তালরস পান করা হলেও, এবার তা যেন ড্রাই ডে'র বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই মজা করে বলছেন, মদের মতো না হলেও, মনের খিদে তো মেটে! এই মন্তব্যেই যেন ধরা পড়ছে পরিস্থিতির রসিক দিক।

    প্রশাসনের নজর এড়াতে অনেকেই ভোরবেলা বা নির্জন জায়গায় গিয়ে তালরস পান করছেন। যদিও তালরস একটি প্রাকৃতিক পানীয়, তবে কিছুটা সময় রেখে দিলে তা ফারমেন্টেড হয়ে হালকা নেশার প্রভাব ফেলতে পারে। যাকে গোদা বাংলায় 'তাড়ি' বলা হয়। এই বিষয়টিও অনেকের জানা।

    এদিকে, ভোটের আবহে এই নতুন প্রবণতা নিয়ে এলাকাজুড়ে চলছে জোর আলোচনা। কেউ বলছেন, ভোট এলেই তালগাছের কদর বাড়ে, আবার কেউ মনে করছেন, এটি গ্রামবাংলার পুরনো ঐতিহ্যেরই এক নতুন রূপ।

    সব মিলিয়ে, নির্বাচনী কড়াকড়ির মধ্যেও আউশগ্রামের তালগাছতলায় জমে উঠেছে ভিন্ন স্বাদের সকালবেলার আড্ডা, যেখানে রাজনীতি নয়, মূল আকর্ষণ এখন তালরস।
  • Link to this news (আজকাল)