আজকাল ওয়েবডেস্ক: স্বচ্ছভাবে ভোট করতে এবার মরিয়া নির্বাচন কমিশন। ভোট যত এগিয়ে আসছে, ততই একের পর এক নির্দেশিকা জারি করছে কমিশন। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। তার একদিন আগেও নির্দেশিকা জারি অব্যাহত রেখেছে কমিশন। এবার তারা জানিয়েছে, প্রতি বুথে থাকবে ‘ভোটার সহায়তা বুথ’। সেখানে দু’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। সহায়তা বুথে ভোট শুরুর আগে থেকে উপস্থিত থাকবেন বিএলও এবং তাঁর এক সহকারী। তাঁরাই স্থির করবেন, কোন ভোটার ভোটের লাইনে দাঁড়াতে পারবেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, বিএলওর কাছে ভোটার তালিকার কপি থাকবে। ভোটারকে তাঁর নাম ও সিরিয়াল নম্বর খুঁজে পেতে সাহায্য করতে হবে বিএলও–কে। ভোটারের পরিচয়পত্র পরীক্ষা করে নিশ্চিত করতে হবে যে, তিনি ভোটকেন্দ্রে প্রবেশের যোগ্য কি না এবং তা ভোটার তালিকার তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ভোটার তালিকায় থাকা ছবির সঙ্গে মিলিয়ে ভোটারকে শনাক্ত করতে হবে। বিএলও সন্তুষ্ট হলে তবেই ভোটার লাইনে দাঁড়াতে পারবেন।
কমিশন জানিয়েছে এর পাশাপাশি বিএলও–কে নিশ্চিত করতে হবে, ভোটারের বাঁ হাতের তর্জনীতে কোনও কালির চিহ্ন নেই। মহিলা কর্মীরা মুখ ঢেকে থাকা মহিলা ভোটারদের পরিচয় যাচাই করতে পারবেন। কেন্দ্রীয় বাহিনীকে ভোটকর্মী, ইভিএম, ওয়েব ক্যামেরা, ভোটের সামগ্রী এবং সহায়তা বুথের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনও অশান্তি হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে।
প্রসঙ্গত, ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফায় ১৫২ আসনে হবে ভোটগ্রহণ। প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। প্রথম দফায় উত্তরবঙ্গের পাশাপাশি ভোট হবে জঙ্গলমহলেও। এছাড়াও ভোট হবে বীরভূম, মুর্শিদাবাদে। ভোট হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটে লড়ছেন ১,৪৭৮ জন প্রার্থী। এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে।