আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। এদিকে, ভোটমুখী বঙ্গে ১০০ কোটি টাকার মদ বাজেয়াপ্ত হয়েছে। মাদকদ্রব্যও বাজেয়াপ্ত হয়েছে ১০০ কোটি টাকার। বুধবার বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে পশ্চিবঙ্গে ভোটের আগে এখনও পর্যন্ত ৪৭২ কোটি ৮৯ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে নগদ অর্থও রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। সঙ্গে ভোট রয়েছে তামিলনাড়ুতেও। দক্ষিণের এই রাজ্যে অবশ্য এক দফাতেই ভোট সম্পন্ন হবে। দুই রাজ্যে ভোটের আগের দিন কমিশন জানিয়েছে, এই দুই রাজ্য থেকে মোট ১০৭২ কোটি ১৩ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে নগদ অর্থের পাশাপাশি রয়েছে মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু, উপহার।
এটা ঘটনা, গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ–সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। আর ভোটের আগে বাজেয়াপ্তের প্রক্রিয়া গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। ওই দিন থেকে বুধবার ২২ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে কত টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে, সেই তালিকা প্রকাশ করেছে কমিশন।
পশ্চিমবঙ্গ থেকে নগদ ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। ৩৯ লক্ষ ৩১ হাজার লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে। যার দাম ১০২ কোটি ৪৫ লক্ষ টাকা। মাদকদ্রব্যও বাজেয়াপ্ত হয়েছে ১০৮ কোটি ১১ লক্ষ টাকার। ৫৫ কোটি ৮৮ লক্ষ টাকার মূল্যবান ধাতু (সোনা, রুপো ইত্যাদি) এবং ১৭৮ কোটি ৮৩ লক্ষ টাকার উপঢৌকনও বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে ৪৭২ কোটি ৮৯ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে।
তামিলনাড়ুতে নগদ বাজেয়াপ্ত হয়েছে ১০০ কোটি ১৯ লক্ষ টাকা। এছাড়া ১৫৯ কোটি ৩১ লক্ষ টাকার মূল্যবান ধাতু এবং ২৫৯ কোটি ১৪ লক্ষ টাকার উপঢৌকন বাজেয়াপ্ত হয়েছে। ১ লক্ষ ১৭ হাজার লিটার মদও বাজেয়াপ্ত হয়েছে। যার দাম সাড়ে তিন কোটি টাকারও বেশি। মাদক বাজেয়াপ্ত হয়েছে ১৫৯ কোটি ৩১ লক্ষ টাকার।