• বিজেপিতে যোগ দিলেন এই জোড়াফুল বিধায়ক
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাত পোহালেই পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচন। প্রথম দফা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলেন গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন খগেন্দ্রনাথ মাহাতো। 

    শুভেন্দু অধিকারী জানিয়েছেন, উনি একজন চিকিৎসক। দুর্নীতিগ্রস্ত সরকারকে ঠিক করতেই বিজেপির সঙ্গে যুক্ত হলেন তিনি। তিনিও চান এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হোক। পাশাপাশি শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি সংকল্প পত্রে খুশি হয়েই তিনি কুর্মী সম্প্রদায় থেকে এসেছেন। বিজেপিতে যোগদানের পর খগেন্দ্রনাথ মাহাতো জানিয়েছেন, ‘‌বিশ্বাসঘাতকতার স্বীকার হয়েছি। তাই চাকরি ছেড়ে বিধায়ক হয়েছিলাম। এবার মোদিজির দলে যুক্ত হলাম। ওনার নেতৃত্বে বাংলায় বিজেপির সরকার গঠন করাই লক্ষ্য।’‌

    প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন। 

    প্রসঙ্গত, গত ২০২১ সালে চাকরি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন খগেন্দ্রনাথ মাহাতো। সেই সময়ে তিনি তৃণমূলের টিকিট পান। জঙ্গলমহলে তিনি প্রান্তিক মানুষদের চিকিৎসা পরিষেবা দিতেন। ৫ বছর বিধায়ক থাকার পরে, এইবছর টিকিট পাননি তিনি। এতেই ক্ষোভ তৈরি হয়েছে বিদায়ী বিধায়কের। মানুষের সেবা করতে চান, সেই কারণেই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এমনটাই জানিয়েছেন খগেন্দ্রনাথ মাহাতো। সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গেই যোগাযোগ করেছিলেন তিনি। এরপরে নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগেই, তিনি তড়িঘড়ি বিজেপির দপ্তরে আসেন ও শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন। 

    অন্যদিকে, ভোটবঙ্গে বৃহস্পতি ও শুক্র নির্বাচনী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগর এবং মথুরাপুরে তাঁর দু’টি জনসভা রয়েছে। হাওড়ায় একটি রোড শো–ও করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে লালবাজার।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত লোকভবনের আশেপাশে কোনও ভারী পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস পূর্ব এবং এসপ্ল্যানেড রো পূর্বের সংযোগস্থল থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণের সংযোগস্থল পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে।

     
  • Link to this news (আজকাল)