আজকাল ওয়েবডেস্ক: শিল্পোন্নয়নের বার্তা ছড়িয়েছে বারবার। এই লক্ষ্যে কাজ করে চলেছে দীর্ঘ বহু বছর। এবার আরও বৃহৎ লক্ষ্য নিয়ে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৪০তম নতুন কমিটি ঘোষিত হল। ভোটের মুখেই নয়া কমিটি এক কথায়। নয়া কমিটির সভাপতি অশোক কুমার বণিক, সহ-সভাপতি অমিত সাহা ও অলোক সরকার এবং কোষাধ্যক্ষ শ্রী সুজিত চক্রবর্তী। এছাড়াও ১৪০তম কমিটিতে রয়েছেন দেবদূত রায় চৌধুরী, ঋত্বিক দাস, কুনাল সাহা, রণদীপ দত্ত, সোহম বণিক, অনীত ঘোষ এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
ঋত্বিক দাস জানান, 'এবার ১৪০তম কার্যনির্বাহ কমিটির নির্বাচন ছিল। এই কমিটি মূলত নবীন প্রবীণের মেলবন্ধন। এই যে সেতুবন্ধন আমরা করতে পেরেছি, এতে প্রবীণের অভিজ্ঞতা থাকবে, থাকবে নবীনের উদ্যম। আমাদের এই কার্যনির্বাহী কমিটিতে প্রায় ৩০ শতাংশ মহিলা নির্বাচিত হয়েছেন।' ভোটের পর, সরকার গঠিত হলেই, সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কাজ করবে, রাজ্যে শিল্পের উন্নতি ঘটাবে, ফিরিয়ে আনবে স্রোত।
সামনেই ভোট রাজ্যে। ফের গঠিত হবে সরকার। সরকার গঠনের মুখে, সরকারের উদ্দেশে কী বার্তা তাঁদের? কমিটির সদস্য বলছেন, 'বাংলার শিল্পের গৌরব ফিরিয়ে আনতে হবে। আমাদের নিজেদের কাজের ব্যাপ্তিও ঘটাতে হবে। যাতে কর্মসংস্থান হয় বিপুলহারে। আমাদের এবারের ফোকাস শহরের গণ্ডি ছাড়িয়ে জেলা কেন্দ্রিক। আমরা এই কাজ করছি সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে, এবার সেই লক্ষ্য আরও বড় আকারে আমাদের সামনে রয়েছে।'