বিধানসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেল। বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে অর্থাৎ অভয়ার মাকে পুলিশি সমন পাঠানোকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও তিনি সেই সমন গ্রহণ করতে অস্বীকার করেছেন। তাঁর দাবি, নোটিসে তাঁর স্বামীর নাম ভুল থাকায় সেটি গ্রহণযোগ্য নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে রত্না দেবনাথের করা এক মন্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়। সেই বক্তব্যকে ঘিরেই এই সমন পাঠানো হয়েছে বলে অনুমান। তবে বিজেপি প্রার্থীর অভিযোগ, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁকে হেনস্থা করার চেষ্টা মাত্র। তাঁর কথায়, বিরোধীরা তাঁকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে প্রশাসনকে ব্যবহার করছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের পদক্ষেপে তিনি ভীত নন এবং নিজের অবস্থান থেকে সরে আসবেন না।
অন্যদিকে, সম্প্রতি পানিহাটিতে প্রচারে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের শালীনতা বজায় রাখার বার্তা দিয়েছিলেন। তাঁর নির্দেশ ছিল, কোনও অবস্থাতেই ব্যক্তিগত আক্রমণ বা সীমা লঙ্ঘন করা যাবে না। কিন্তু বাস্তবে সেই পরিস্থিতি কতটা বজায় থাকছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
রত্না দেবনাথ এ প্রসঙ্গে কটাক্ষ করে বলেছেন, একদিকে শালীনতার কথা বলা হচ্ছে, অন্যদিকে পুলিশের মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার আগেই তাঁকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা হয়েছে। তবে ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর আর হারানোর কিছু নেই, তাই ভয় দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না।