২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই এককভাবে লড়াই করছে কংগ্রেস। সেই লক্ষ্যেই রাজ্যে প্রচারে নামছে দলের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই প্রথম দফার কয়েকটি কেন্দ্রে প্রচার সেরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তবে দ্বিতীয় দফার আগে কলকাতায় তাঁর জনসভা ঘিরে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছিল। বিভিন্ন স্থানে সভার অনুমতি পেতে সমস্যার কারণে একাধিক কর্মসূচি অনিশ্চিত হয়ে পড়ে। রানি রাসমনি রোড এবং ময়দানে সভার পরিকল্পনা থাকলেও পুলিশি অনুমতি না মেলায় শেষ পর্যন্ত সেই কর্মসূচিগুলি বাতিল করতে হয়।
অবশেষে সেই জট কাটল। আগামী ২৫ এপ্রিল কলকাতার শহিদ মিনারে চত্বরে জনসভা করার অনুমতি মিলেছে। সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়ার পরই সভার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে সেখানে বড় জনসভা করবেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই সভা সফল করতে জোর প্রস্তুতি শুরু হয়েছে। এছাড়া, ২৪ এপ্রিল রাজ্যে প্রচারে আসছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনিও দলের পক্ষে একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন এবং প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ জানিয়েছেন, আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সমস্ত প্রশাসনিক অনুমতি নিশ্চিত করেই সভার আয়োজন করা হচ্ছে। ফলে কোনও রকম বাধা ছাড়াই নির্ধারিত দিনেই কর্মসূচি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী দল। সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোটের আগে কংগ্রেস কলকাতায় বড় জনসভা করে নিজেদের প্রচারকে আরও জোরদার করতে চাইছে কংগ্রেস।