• ভোটের আগে টাকা বিলি করতে এসে আটক অসমের প্রাক্তন বিজেপি বিধায়ক
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জ বিধানসভার কনকনগর গ্রাম। চারপাশে রাতের অন্ধকার নেমেছে। সেই অন্ধকারেই কি ‘লেনদেন’-এর ছক কষা হচ্ছি? অভিযোগ তেমনই। ভোটের মুখে নগদ টাকা বিলির অভিযোগে বিজেপি নেতা তরুণ মণ্ডল ও অসমের বিজেপির প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে আটক করে থানায় নিয়ে গেল পুলিশ। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কনকনগরের একটি ক্লাবে গাড়ি নিয়ে পৌঁছান এই দুই নেতা। অভিযোগ, সেখানেই টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছিল। কিছু টাকা স্থানীয়দের হাতে তুলেও দেওয়া হয় বলে অভিযোগ। আচমকা বিষয়টি নজরে পড়ে যায় এলাকাবাসীর। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এরপর গাড়ি-সহ দু’জনকে থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হয়েছে নগদ টাকাও, দাবি স্থানীয়দের একাংশের। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভোটের আগে নগদ টাকার প্রলোভন দেখানোর অভিযোগ নতুন নয়। তবে কনকনগরের ঘটনায় তা যেন আরও একবার সামনে এল। স্থানীয়দের প্রশ্ন, এভাবেই কি ভোটারদের মন জিততে চাইছে বিজেপি? উন্নয়নের প্রতিশ্রুতির বদলে নগদের হাতছানি দিয়ে কাজ হাসিল করতে চাইছে বিজেপি,এমনই অভিযোগ তুলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। 

    উল্লেখ্য, হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপির প্রার্থী রেখা পাত্রের সমর্থনে কয়েক দিন ধরেই এলাকায় প্রচার চালাচ্ছিলেন কিশোর নাথ। তার মাঝেই এই বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে টাকা বিলানো শুরু করেছে বিজেপি, ভোটারদের মন জিততেই এই মরিয়া চেষ্টা। যদিও গোটা ঘটনায় বিজেপির তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের তরফে জানানো হয়েছে, দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূলের দাবি, মোটা টাকা এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল। কমিশনের এত তৎপরতা সত্ত্বেও বিজেপি টাকা বেলাতে শুরু করল। আসলে কমিশন যে বিজেপির তা প্রমাণ হল। আমরা চাই পুলিশ এনিয়ে ব্যবস্থা গ্রহণ করুক।
  • Link to this news (বর্তমান)