• নওদায় ভোটকেন্দ্রের কাছেই ভয়াবহ বোমাবাজি, কাঠগড়ায় হুমায়ুন কবীরের দল
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • রাত পোহালেই ভোটগ্রহণ। ঠিক তার আগে, রাতেই বোমাবাজির ঘটনা মুর্শিদাবাদের (Murshidabad) নওদা বিধানসভার শিবনগর এলাকায়। বুধবার রাতে এই বোমাবাজির ঘটনা ঘটেছে ভোটকেন্দ্রের সামনে। ওই বোমাবাজির সময়ে এলাকাতেই উপস্থিত ছিলেন নওদা বিধানসভার তৃণমূল (Trinamool Congress) প্রার্থী সাহিনা মমতাজ খান। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। তবে বোমার আঘাতে এক স্থানীয় মহিলা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ভোটের আগের রাতে এই বোমাবাজির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠছে হুমায়ুন কবীরের (Humayun Kabir) নেতৃত্বাধীন আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করছেন আমজনতা উন্নয়ন পার্টির নেতারা।

    বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের (assembly elections) প্রথম দফার ভোট গ্রহণ। তার আগেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র থেকে মাত্র ৫০ মিটার দূরে বোমাবাজির ঘটনা ঘটে।

    ঘটনাস্থলের ঢিল ছোড়া দূরত্বেই ভোটকেন্দ্র পাহারা দিচ্ছিল কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। তাদের সামনে কী ভাবে এই বোমাবাজি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার লোকজন।

    স্থানীয় সাংসদ আবু তাহের খানের দাবি, রাতের অন্ধকারে এলাকার সাধারণ মানুষকে আতঙ্কিত করতে এবং ভোটারদের ভয় দেখাতে এই বোমাবাজি করা হয়েছে। তাঁর অভিযোগ আমজনতা উন্নয়ন পার্টি (AJUP)-র বিরুদ্ধে।

    জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দলীয় এক কর্মীর বাড়িতে বসে বৈঠক করছিলেন সাহিনা মমতাজ খান। তখনই এই বোমাবাজি হয়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবনগর এলাকায় গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। মঙ্গলবারও এই এলাকায় তৃণমূলের দুই কর্মীকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছিল হুমায়ুন কবীরের অনুগামীদের বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে ফের বোমাবাজির ঘটনা ঘটে।

    ঘটনার খবর পেয়েই নওদা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছয়। পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও এলাকায় টহল দিচ্ছে পুলিশ। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন করতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)