• তৃণমূল প্রার্থীর প্রচারে ‘বহিরাগত’ আনার অভিযোগ, প্রধানের গাড়ি ঘিরে বিক্ষোভ
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • ভোটের আগের রাতে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর বিধানসভার হেরামপুর এলাকায়। এলাকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিক হোসেনের হয়ে গাড়ি ভর্তি ‘বহিরাগত’ নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হেরামপুর। ঘটনার জেরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ওই গাড়িতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা বলেও অভিযোগ।

    বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (assembly elections) ভোটগ্রহণ। মঙ্গলবার বিকেলেই শেষ হয়েছে প্রচারের সময়। তার পরেও বুধবার রাতে সৌমিক হোসেনের হয়ে প্রচার চালানো হয় বলে অভিযোগ হেরামপুর এলাকার বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, সৌমিকের হয়ে প্রচারের জন্য বাইরে থেকে গাড়িভর্তি লোক নিয়ে আসা হয়।

    অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান সুবীরের নেতৃত্বে এক গাড়ি লোক এলাকায় আসেন। তা দেখেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি চরমে উঠলে উত্তেজিত জনতা প্রধানের গাড়িটি ঘিরে ধরে বিক্ষোভ দেখান। সেটিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার, রানিনগরের তৃণমূল (Trinamool Congress) প্রার্থী সৌমিক হোসেনের সমর্থনে একটি গাড়ি ভর্তি লোক আসে বাইরে থেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই এলাকায় গাড়িতে করে প্রচুর মানুষ নিয়ে আসছিলেন তৃণমূলের স্থানীয় প্রধান। এলাকার মানুষের অভিযোগ, বাইরের লোক এনে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে গাড়িটিকে আটকে দেন।

    ভোটে আগে রাতে অন্য জায়গা থেকে কেন লোক ভাড়া করে আনা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। এই প্রশ্ন তুলে তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে প্রধানের গাড়িটিতে ভাঙচুর চালানো হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

    যদিও তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বহিরাগত আনার অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে হেরামপুর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল জারি রয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)