এই সময়, ময়নাগুড়ি: হাতে স্যালাইনের চ্যানেল, চোখ-মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। আইসিইউ থেকে জেনারেল বেডে বুধবার সকালে শিফট হন। কিন্তু এই অবস্থাতেই বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে চান ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার আট নং ওয়ার্ডের বাসিন্দা সুমন দাস।
পেশায় ব্যবসায়ী বছর পয়তাল্লিশের সুমনের মঙ্গলবার আচমকাই সুগারজনিত সমস্যা শুরু হয়। তড়িঘড়ি ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। সুমনের শারীরিক অবস্থা পরীক্ষা করে তাঁকে আইসিইউতে ভর্তি করান চিকিৎসক। বুধবার চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে আইসিইউ থেকে জেনারেল বেডে শিফট করেন।
এখন সুমনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। একটু সুস্থ হয়েই ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন তিনি। নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে ভোট দিতে চাওয়ার আর্জিও জানিয়েছে সুমন। তাঁর কথায়, 'সার-এর পর এই প্রথম বিধানসভা নির্বাচন। তাই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাই আমি।'
স্ত্রী রাখী দাস বলেন, 'মঙ্গলবার আমার স্বামী আচমকাই অসুস্থ হয়ে পড়েন। রক্তে সুগারের পরিমাণ ঠিক না থাকায় শারীরিক অবস্থার অনবতি হতে শুরু করে। তাই জলপাইগুড়িতে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এখন কিছুটা সুস্থ হয়ে ভোট দিতে চাইছেন।' সুমন বলেন, 'ভোট দেওয়ার বিষয়টি নার্সিংহোম কর্তৃপক্ষকে জানিয়েছি। যদি ছুটি পেয়ে যাই সমস্যা হবে না ছুটি না পেলে মাঝে গিয়ে যাতে ভোট দিতে পারি সেজন্য বলব।'