আজকাল ওয়েবডেস্ক: গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণার পর থেকেই একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছে নির্বাচন কমিশন। একের পর এক আইপিএস থেকে আইএএস আধিকারিক বদলি তো আছেই। সঙ্গে যোগ হয়েছে একের পর এক বিজ্ঞপ্তি। যা অনেক ক্ষেত্রেই বেশ আশ্চর্যজনক। সেরকমই এক বিবৃতি জারি করেছে কমিশন।
আর মাত্র কয়েক ঘণ্টা। রাতটুকুই যা বাকি। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ। এই দফায় ১৫২ আসনে হবে ভোটগ্রহণ। তার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর জানিয়েছে, ২৩ তারিখ রাত দুটোর সময় রাজ্যের যে সমস্ত জেলাগুলিতে ভোট হবে, সেই সমস্ত জেলার সমস্ত দপ্তরের অবজার্ভার অর্থাৎ পুলিশ অবজার্ভার, নির্বাচনী অবজার্ভার, ফিনান্স অবজার্ভারদের নিয়ে বৈঠক হবে। ভিডিও কনফারেন্সেই গোটা বিষয়টি হবে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, পুলিশ অবজার্ভার এনকে মিশ্র, স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত সহ একাধিক শীর্ষ আধিকারিকরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত অবজার্ভারদের সঙ্গে বৈঠক হবে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল বৃহস্পতিবারের ভোট যাতে শান্তিপূর্ণ ও ভয় মুক্ত হয় সেটাই দেখা। আর তা নিয়েই হতে চলেছে গভীর রাতে এই বৈঠক।
এদিকে, বিবেচনাধীন তালিকা থেকে বিচারকরা যে সমস্ত নাম বাদ দিয়েছিলেন, তার মধ্যে প্রথম দফার ১৩৯ জন ভোটারের নাম তালিকায় তুলল ট্রাইবুনাল। তবে আগের তালিকা থেকে মুছেও দেওয়া হল আট জনের নাম। বুধবার সন্ধেয় নির্বাচন কমিশন ট্রাইবুনালে নিষ্পত্তির তথ্য প্রকাশ করেছে। প্রথম দফার মোট ৬৫৭টি আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল। বাকিদের নামের কি হল? কমিশন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।
কমিশন জানিয়েছে, বুথ অনুযায়ী ভোটারদের তথ্য বিএলও, নির্বাচনী আধিকারিক এবং সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। ভোটারদের কাছেও তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।