• সীমান্তে কাঁটাতার নির্মাণে দেরি, ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে জরিমানা কলকাতা হাই কোর্টের
    দৈনিক স্টেটসম্যান | ২৩ এপ্রিল ২০২৬
  • ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিলম্ব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যুগ্ম অধিকর্তার উপর ব্যক্তিগতভাবে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করার নির্দেশ দিয়েছে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, সীমান্তের প্রায় ১২৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণের খরচ কেন্দ্র সরকার আগেই মিটিয়ে দিয়েছে। কিন্তু সেই জমি এখনও হস্তান্তর করা হয়নি। ফলে কাজ শুরু করা সম্ভব হয়নি। এই বিষয়েই ক্ষোভ প্রকাশ করে আদালত কড়া অবস্থান নেয়। বিচারপতিরা প্রশ্ন তোলেন, কেন্দ্রের তরফে প্রয়োজনীয় অর্থ দেওয়া সত্ত্বেও কেন এখনও জমি হস্তান্তর করা হয়নি। এ নিয়ে আগেই বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল। কিন্তু এ দিনের শুনানিতে দপ্তরের তরফে মাত্র ৮ কিলোমিটার জমির তথ্য জমা দেওয়া হয়, যা দেখে আদালত অসন্তুষ্ট হয়।

    প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ তথ্য না দেওয়া অত্যন্ত গাফিলতির পরিচয়। সেই কারণেই সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যক্তিগত জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই জরিমানার টাকা ১৫ দিনের মধ্যে কলকাতা হাই কোর্টের আইন পরিষেবা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

    এই মামলায় আরও উল্লেখ করা হয়েছে, মোট ১৮১ কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের কাজ এখনও বাকি রয়েছে। তার মধ্যে ১২৮ কিলোমিটার জমি রাজ্য অধিগ্রহণ করলেও তা এখনও সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়নি। ফলে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্প কার্যত থমকে রয়েছে।

    আদালত আগামী শুনানিতে সম্পূর্ণ বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কেন এতদিন ধরে জমি হস্তান্তর হয়নি এবং কাজ কেন এগোয়নি, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলেও জানানো হয়েছে। এই ঘটনার জেরে সীমান্ত নিরাপত্তা এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহল এবং প্রশাসনিক মহলে এই রায়ের যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)