• রাত পোহালেই ভোট, কমিশনের দপ্তরে বিনিদ্র বৈঠকে সিইও মনোজ, মাঝরাতে কথা পর্যবেক্ষকদের সঙ্গে
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৬
  • রাত পোহালেই ভোটের সকাল। দু’চোখের পাতা এক করতে নারাজ কমিশন। রাতভর কমিশনের দপ্তরেই থাকবেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। উপস্থিত থাকবেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্র। ১৫২ কেন্দ্রের পর্যবেক্ষকদের সজাগ থাকার নির্দেশ কমিশনের।

    সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর কমিশন। শেষ মুহূর্তের ভোট প্রস্তুতিতে এক চিলতেও ফাঁক রাখতে চান না সিইও মনোজ। প্রথম দফা ভোটের আগে রাতভর কমিশনের দপ্তর থেকেই নজরদারি চালাবেন তিনি। সূত্রের খবর, শেষ মুহূর্তের ভোট প্রস্তুতির যাবতীয় খুঁটিনাটি আরও একবার ঝালিয়ে নিতে মাঝরাতেই বৈঠকে বসতে পারেন সিইও।

    প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন। প্রত্যেকটি কেন্দ্রের পর্যবেক্ষকদের রাতভর সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। সূত্রের খবর, যখন তখন ভার্চুয়ালি বৈঠকে ডাকা হতে পারে তাঁদের। ভোটদানের প্রক্রিয়া নির্দেশিকায় কোথাও কোনও ফাঁক থেকে গেল কি না, সে বিষয়ে আরও একবার ক্লাস নেবেন সিইও।

    প্রসঙ্গত, প্রথম দফা ভোটের আগেই বেনজির বিজ্ঞপ্তি কমিশনের। বাড়িতে বন্ধু কিংবা আত্মীয়রা বেড়াতে এলে, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে তাঁদের এলাকা ছাড়তে হবে। এমনকি আবাসনের গেস্ট রেজিস্টার পরীক্ষা করার জন্য পুলিশকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আর কয়েক ঘণ্টা পরেই বাংলায় প্রথম দফার ভোট। আর তার ঠিক ৪৮ ঘণ্টা আগে এমন এক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।
  • Link to this news (প্রতিদিন)