• মালেগাঁও বিস্ফোরণ: দু’দশকের পুরানো মামলায় বেকসুর খালাস ৪ অভিযুক্ত
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • মুম্বই: মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে চার অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল বম্বে হাইকোর্ট। বিশেষ আদালত প্রত্যেকের বিরুদ্ধেই চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল। বুধবার সেই নির্দেশ খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর ও বিচারপতি শ্যাম চন্দকের বেঞ্চ। ফলে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আপাতত তাদের বিরুদ্ধে আর তদন্ত করতে পারবে না। আদালত সূত্রে খবর, চার অভিযুক্তের নাম লোকেশ শর্মা, ধান সিং, রাজেন্দ্র চৌধুরী ও মনোহর নারওয়ারিয়া। উল্লেখ্য, বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছিল প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ও সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদশ্রীকান্ত পুরোহিতের। আগেই তাঁরা এই মামলা থেকে মুক্তি পেয়ে গিয়েছেন। 

    জানা গিয়েছে, বিশেষ আদালতের নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযুক্তরা। শুনানিতে তাঁদের আইনজীবী জানান, এই মামলায় শক্তপোক্ত কোনো তথ্যপ্রমাণ নেই। অভিযুক্তদের সঙ্গে বিস্ফোরণ কাণ্ডের সরাসরি যোগও নেই। কোনো প্রত্যক্ষদর্শীর খোঁজও মেলেনি। মামলার পদ্ধতিগত কিছু ত্রুটিও উল্লেখ করা হয়। অভিযুক্তের আইনজীবী জানান, ঘটনার প্রায় ৬ বছর পর অভিযুক্তদের চিহ্নিতকরণের জন্য টিআই প্যারেড হয়েছিল। শুনানিতে এনআইএও জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী মেলেনি। সবপক্ষের মতামত শোনার পর এই রায় দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত, ২০০৬ সালে ৮ সেপ্টেম্বর নাসিক জেলার মালেগাঁওতে ভয়াবহ বিস্ফোরণ হয়। প্রাণ হারান অন্তত ৩৭ জন। এছাড়া, শতাধিক মানুষ জখম হয়েছিলেন।  
  • Link to this news (বর্তমান)