বিজেপি বিধায়কের মন্তব্য অত্যন্ত অপমানজনক, সরব আইপিএস অ্যাসোসিয়েশন
বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
ভোপাল: এ যেন চোরের মায়ের বড়ো গলা। সাইরেন বাজালেও রাস্তা না ছাড়ার ‘অপরাধে’ পাঁচজনকে ধাক্কা মারেন ‘সুপুত্র’। পরে ছেলের হয়ে পুলিশকে হুমকি দেন মধ্যপ্রদেশের পিছোরের বিজেপি বিধায়ক প্রীতম লোধি। মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ জাখরকে চ্যালেঞ্জ করে বলেন, এসডিপিও-র বাপের ক্ষমতা থাকলে তাঁর ছেলেকে আটকে দেখাক। একজন প্রশাসনিক আধিকারিককে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় ইতিমধ্যে রাজ্যজুড়ে নিন্দার ঝড়। সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। মঙ্গলবার বিজেপি বিধায়কের মন্তব্যের তীব্র নিন্দা জানাল আইপিএস অ্যাসোসিয়েশন। সংস্থার বক্তব্য, বিধায়কের এই মন্তব্য অত্যন্ত অপমানজনক। দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া হোক।
আইপিএস অ্যাসোসিয়েশনের তরফে বুধবার এডিজি চঞ্চল শেখর চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছেন। বলা হয়েছে, পুলিশ আধিকারিকের পরিবারকেও রেয়াত করা হয়নি। এই আচরণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করে। এই জাতীয় ভাষা পুলিশের নীতি, নিরপেক্ষতাকে খাটো করে। এমনকি প্রশাসনিক কাজকর্মে খারাপ প্রভাব ফেলে। জনপ্রতিনিধিদের সংযম বজায় রাখা উচিত। এভাবে ভীতি প্রদর্শন কাম্য নয়। ২১ এপ্রিল সিভিল সার্ভিসেস ডে ছিল। আর এমন এক দিনে এই ধরনের চিঠি দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখের।
দিনকয়েক আগে মধ্যপ্রদেশের কারেরায় বিধায়ক প্রীতম লোধির ছেলে দীনেশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন পাঁচজন। বিধায়কের অভিযোগ, তাঁর ছেলেকে হুমকি দিয়েছে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিককে চ্যালেঞ্জ করে বিধায়ক বলেন, ‘আমার ছেলেকে বলেছে, কারেরায় যেন আর দেখতে না পাওয়া যায়। কারেরা কি এসডিপিও-র বাবার। আমার ছেলে কারেরাতেই থাকবে আর ভোটেও লড়বে। যদি এসডিপিও-র বাপের ক্ষমতা থাকে, তাহলে ছেলেকে আটকে দেখাক।’ তারপরই সরব হল পুলিশ মহল।