• দিল্লি: যৌন অত্যাচারের পর আয়কর কর্তার মেয়েকে খুন, গ্রেপ্তার প্রাক্তন পরিচারক
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: রাজধানী দিল্লির জনবহুল এলাকায় এক আইআরএস আমলার মেয়েকে বাড়িতে ঢুকে খুন করল প্রাক্তন পরিচারক। খুনের আগে ওই তরুণীকে যৌন নির্যাতন করা হয় বলে মনে করছে পুলিশ। পালানোর আগে লুটপাটও চালায় অভিযুক্ত। বুধবার সাতসকালে দক্ষিণ-পূর্ব দিল্লির কৈলাস হিল এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দিনভর তল্লাশির পর দ্বারকার একটি হোটেল থেকে ১৯ বছর বয়সি ওই প্রাক্তন পরিচারককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের নাম রাহুল মীনা। সে রাজস্থানের আলওয়ারের বাসিন্দা। তাকে মাস দেড়েক আগেই কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল। সেই রাগ থেকেই রাহুল এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত অনলাইন গেমে আসক্ত ছিল। তার জেরে দেনায় ডুবে গিয়েছিল সে। সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।  রাজধানীতে এমন ঘটনায় নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

    দিল্লি পুলিশ জানিয়েছে, ওই আমলা বর্তমানে আয়কর দপ্তরের শীর্ষ আধিকারিক হিসাবে কর্মরত। এদিন ঘটনার সময় ২২ বছরের ওই তরুণী বাড়িতে একাই ছিলেন। তাঁর বাবা-মা জিমে গিয়েছিলেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, সকাল ৬টা নাগাদ নিহতের বাড়ির আশপাশেই ঘোরাঘুরি করছিল অভিযুক্ত রাহুল। তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে সে বাড়িতে ঢুকে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রাথমিকভাবে মৃত তরুণীর সঙ্গে অভিযুক্তের ব্যাপক ধস্তাধস্তি হয়। তরুণীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে রাহুল। তাতে নির্যাতিতা জ্ঞান হারানোর পর তাঁর উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। এরপর গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধ করে তরুণীকে খুন করা হয়।

    পুলিশ জানিয়েছে, পরিচারকের কাজ করার সুবাদে ওই আমলার পরিবারের গতিবিধি সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল রাহুলের। তাই সকালে কখন বাড়ি ফাঁকা থাকে, তা সে জানত। অন্য পরিচারকদের জন্য একটি চাবি বাড়ির বাইরে রাখা থাকত। সেই চাবি ব্যবহার করেই ভিতরে ঢোকে রাহুল। তরুণীর মা-বাবা বাড়ি ফিরে মেয়ের দেহ প঩ড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, তরুণী ইঞ্জিনিয়ারিং পাশ করে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
  • Link to this news (বর্তমান)