• নির্বাচন প্রক্রিয়া দেখতে শিলিগুড়ি কলেজ পরিদর্শনে ইউরোপ, আফ্রিকার প্রতিনিধি দল
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়ি কলেজ পরিদর্শনে আসলেন ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের এক প্রতিনিধি দল। বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়ে থাকে, কীভাবে প্রশাসনিক স্তরে সমস্ত আয়োজন করা হয়, তা এদিন তাঁরা স্বচক্ষে ঘুরে দেখেন। নামিবিয়া, ইতালি, জর্জিয়া, গামিয়া, নেপাল, সুইজারল্যাণ্ড, ফিলিপিন্স, কেনিয়ার ১৪ জন প্রতিনিধিকে এদিন কলেজ চত্বর এলাকা ঘুরিয়ে দেখান নির্বাচন কমিশনের আধিকারিকেরা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য এই দেশে কী কী ব্যবস্থা করা হয়ে থাকে, তা দেখানো হয়। 

    নির্বাচন কমিশনের ‘ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটারস’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের তরফে এদিন দুপুর দেড়টা নাগাদ দু’টি শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাসে তাঁদের শিলিগুড়ি কলেজে নিয়ে আসা হয়। সেখানে প্রায় এক ঘণ্টা ভোটকর্মীদের সমস্ত কাজ দেখার পাশাপাশি কোথায় ভোট পরবর্তীতে স্ট্রংরুম তৈরি করা হবে, সেই এলাকাও ঘুরে দেখে প্রতিনিধি দল। 

    নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্বকুমার সিংয়ের নেতৃত্বে এই কর্মসূচিটি সম্পন্ন করা হয়। পরিদর্শন শেষে ওই দলকে শিলিগুড়ির সুকনা এলাকার একটি হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আজ, বৃহস্পতিবার নির্বাচনের দিনেও বিভিন্ন বুথে ওই প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হবে। এখানে কীভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তা দেখানো হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

    অপূর্বকুমার সিং বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রতিনিধিকে নিয়ে এসে আমাদের রাজ্যের এই ভোট প্রক্রিয়ার সমস্ত বিষয়টি দেখানো হয়। আমাদের রাজ্যের এই কাজ করার প্রক্রিয়া দেখে খুশি হয়েছেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)