‘রিচা এখানেই থাকেন?’ বিশ্বজয়ীর বাড়ি দেখতে উৎসাহ ভিনরাজ্যের জওয়ানদের
বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
তারক চক্রবর্তী, শিলিগুড়ি: ‘ইহাঁ পে রিচা কা ঘর হ্যায় না?’ ভোটের ডিউটিতে এসে বিশ্বজয়ী শিলিগুড়ির গর্ব রিচা ঘোষের বাড়ির পাশে এসেছেন জানতে পারেন ভিনরাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের রিচার বাড়ির ঠিকানা বলতে বলতে বুধবার হাঁপিয়ে যান শিলিগুড়ি কলেজের ডিসিআরসি সংলগ্ন বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের সামনে থাকা চা দোকানের শান্তি বউদি। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের পছন্দের চায়ের দোকানের মালকিন শান্তি রায়ের কথায়, রিচা আমাদের এলাকা তথা শহরের নাম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তাঁর বাড়ির ঠিকানা জানাতেও গর্ব বোধ করছি।
গত একমাস ধরে ভোটের বাজার সরগরম। প্রথম দিকে জল্পনা ছিল কে হচ্ছেন প্রার্থী। রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা প্রকাশের পর চর্চা শুরু হয় হেভিওয়েট কারা। প্রচারে কোন তারকারা আসছেন তা নিয়ে। সবকিছু শেষে আজ, বৃহস্পতিবার সেই মাহেন্দ্রক্ষণ। রাজ্যে প্রথম দফার ভোট। জনতার রায় বন্দি হবে ইভিএমে। অনেকদিন আগেই এসেছে কেন্দ্রীয় বাহিনী।
এদিন সকাল থেকে গমগম করছিল শিলিগুড়ি কলেজ ময়দান। এখানেই করা হয়েছে সমতলের তিনটি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি। ভোটকর্মীদের নিরাপত্তা সহ ডিসিআরসির নিরাপত্তায় এসেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের অনেকেই এদিন ডিউটির ফাঁকে শান্তির চায়ের দোকানে আসেন। একাংশ জওয়ানের মুখে উঠে আসে বিশ্বজয়ী রিচার নাম। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচার বাড়ি ডিসিআরসির কাছে সুভাষপল্লিতে, এটা জানতে পেরে তাঁকে দেখতে কিংবা তাঁর বাড়ি একবার দেখে আসতে উৎসাহিত হয়ে পড়েন অনেকেই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সরাসরি শান্তির কাছে জানতে চান, কোন পথে গেলে রিচার বাড়ি দেখা যাবে।
চায়ের দোকান সামলেও শান্তি কাউকেই নিরাশ করেননি। মৃদু হেসে সকলকেই জানিয়ে দেন কিছুটা এগলেই নেতাজি সুভাষচন্দ্রের একটা স্ট্যাচু দেখা যাবে। সেখানে কাউকে বললেই রিচার বাড়ির রাস্তা দেখিয়ে দেবেন। এসব শুনে জওয়ানদের জবাব, এখন যাওয়া সম্ভব হবে না। তবে, অন্য দিন সময় পেলে অবশ্যই দেখে আসবেন।
মাটিগাড়া থেকে ভোটের ডিউটিতে আসা সরকারি কর্মী বিনোদ ঝা শান্তির চায়ের দোকানে এসে রিচার বাড়ি কোথায় জানতে চান। শান্তি আঙুল তুলে রাস্তাটি দেখিয়ে দেন। বিনোদ বলেন, এখন তো আর সময় হবে না। অন্য একদিন এসে আপনার দোকানে চা-বিস্কুট খেয়ে রিচার বাড়ি দেখে আসব। রিচার বাবা মানবেন্দ্র ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, মেয়ের সাফল্য এসেছে দেশবাসীর আশীর্বাদে। সকলের এই ভালোবাসায় রিচা তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে। • নিজস্ব চিত্র।