পশ্চিম বর্ধমানে ৯ কেন্দ্রের ৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
সুমন তেওয়ারি, আসানসোল: আজ, বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভায় নির্বাচন। জেলার ৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৯ লক্ষ ৬৫ হাজার ৯৫ জন ভোটার। উল্লেখযোগ্য বিষয় বহু মহিলার নাম বাদ পড়েছে। ফলে জেলায় মহিলা ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৫৯ হাজার ৬৯৪ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১০ লক্ষ ৫ হাজার ৩৭৮। তৃতীয় লিঙ্গ ২৩ জন। জেলায় মোট বুথের সংখ্যা ২৫৮৮টি। তার মধ্যে অক্সিলারি বুথ হচ্ছে ৮৪টি। জেলার ভোটার তালিকায় শুধু মহিলা ভোটারের প্রভাব থাকাই নয়, এবার মহিলা ভোটকর্মীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৪৯টি পিঙ্ক বুথ পরিচালনা করবেন মহিলা ভোটকর্মীরা। এছাড়াও ২১টি মডেল বুথ ও ১টি পিডব্লুডি বুথ করা হচ্ছে। যেখানে শারীরিক প্রতিবন্ধী ভোটকর্মীরাই ভোট পরিচালনা করবেন। নিরাপত্তা ব্যবস্থাতেও কড়াকড়ি রয়েছে। জেলায় বুথগুলিতে মোট ৫৪৫৫টি সিসিক্যামেরা লাগানো হয়েছে। সবচেয়ে বেশি ক্যামেরা বসানো হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকায়। সেখানে ৭০৩টি ক্যামেরা রয়েছে। আসানসোল উত্তরে ৬৬৬, দুর্গাপুর পশ্চিমে ৬৬০, আসানসোল দক্ষিণে ৬৫০টি ক্যামেরা বসানো হয়েছে। মোট ১২৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় মোতায়েন রয়েছে। জেলার ৩০০টি বুথকে সুপার সেনসিটিভ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আসানসোল উত্তর বিধানসভা এলাকাতেই এমন বুথ রয়েছে ৬৭টি। জানা গিয়েছে, এই বুথ গুলিতে এক সেকশন অর্থাৎ আট জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। এই বুথ গুলিতে তিনটি করে সিসিক্যামেরা থাকবে।
জেলাশাসক পোন্নমবলম এস বলেন, এবার নির্বাচনে পিঙ্ক বুথ অনেক বেশি সংখ্যাক করা হয়েছে। সব বুথেই পর্যাপ্ত পরিকাঠামো রাখা হয়েছে। পুলিশ কমিশনার প্রণব কুমার বলেন, ভোটে শান্তি বজায় রাখতে এখনও পর্যন্ত ৭৯১টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে।
দাবদাহ উপেক্ষা করে জেলার চারটি ডিসিআরসিতেই বুধবার ছিল চূড়ান্ত ব্যস্ততা। সকাল থেকে ডিসিআরসির কর্মী ও ভোটকর্মীরা আসতে শুরু করেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। জুবলি মোড়ের কাছে এই ডিসিআরসি থেকেই আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি বিধানসভার ভোটকর্মীরা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। একই ভাবে ধাদকা পলিটেকনিক কলেজ থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করেন বারাবনি বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা। রানিগঞ্জের একটি বেসরকারি স্কুলে রানিগঞ্জের বিধানসভা কেন্দ্র ও পাণ্ডবেশ্বরের ডিসিআরসি গড়া হয়েছিল। দুর্গাপুরের দুটি বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা প্রয়োজনী সামগ্রী সংগ্রহ করেন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ডিসিআরসি থেকে।
প্রচণ্ড গরমের মধ্যে প্রথমবার ভোটের ডিউটি পেয়ে খুব উৎসাহিত অনেক মহিলা ভোটকর্মী। সানগ্লাস পরে ভোটের সামগ্রী নিয়ে তাঁদের সেলফি তুলতেও দেখা যায়। তাঁদের উৎসাহিত করেন পুরুষ ভোটারাও। শুধু বুথের ভোট কর্মীরাই নয় ডিসিআরসির ডিউটিও দক্ষতার সঙ্গে করতে দেখা যায় মহিলাদের।