নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এসআইআরে বাদ পড়া বৈধ ভোটারদের মধ্যে ট্রাইবুনালের মাধ্যমে মাত্র সাতজনের নাম অতিরিক্ত তালিকায় উঠেছে। ওই সাতজন আজ, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে আবেদনকারী বহু বৈধ ভোটার এদিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। তাঁরা এবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অতিরিক্ত তালিকায় নাম ওঠা ওই সাত ভোটার এদিন সংশ্লিষ্ট বুথে ভোট দিতে পারবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর বিধানসভায় তিনজন, ইন্দাসে দু’জন এবং কোতুলপুর ও বড়জোড়া বিধানসভায় একজন করে ভোটারের নাম তালিকায় উঠেছে। ‘ভাগ্যবান’ ভোটাররা হলেন, রোজিনা খাতুন, খলিলউল্লা মণ্ডল, শেখ ফজল, সুপ্রিয়া খাতুন, মহম্মদউল্লা বায়েন, সামিনুর বায়েন ও সমীর আলি বায়েন। রোজিনা বলেন, এবার ভোট দেওয়া নিয়ে চরম সংশয়ে ছিলাম। শেষমেশ তালিকায় নাম ওঠায় স্বস্তি পেয়েছি। আগামী দিনে বাকি বৈধ ভোটারদেরও তালিকায় নাম অন্তর্ভুক্ত করা উচিত।
বাঁকুড়া শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টুম্পা দে, ইন্দ্রানী সিংহরায় বলেন, আমরাও ট্রাইবুনালে আবেদন করেছি। শেষ মুহূর্তে তালিকায় নাম উঠবে বলে আশা করেছিলাম। কিন্তু, তা ওঠেনি। ফলে এবার আর ভোট দিতে পারব না। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হলাম।
বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি বৈধ ভোটারদের উপর ভরসা রাখতে না পেরে নাম বাদ দিয়েছে। বাদ পড়া ভোটারদের আত্মীয় পরিজনরা বিজেপিকে ক্ষমা করবেন না। নাম বাদ দেওয়ার পাশাপাশি বিজেপি সেক্টরের দায়িত্বে থাকা আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাঁকুড়ার ধলডাঙায় আমাদের দলের নেতাদের ধমক দিয়েছে। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। নেতাদের আচরণে বিজেপি-র নীচুতলার কর্মীরা ক্ষুব্ধ। রানিবাঁধে দুই বিজেপি নেতা সহ পদ্ম শিবিরের অনেকে তৃণমূলের হয়ে ভোট করানোর কথা আমাদের জানিয়েছেন।
বিজেপি-র বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রেখে দিতে চাইছে। ওরাই তৃণমূলের ভোটব্যাংক। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশন আইন মেনে ব্যবস্থা নিচ্ছে। তাতে শাসক দলের গাত্রদাহ হচ্ছে। বিজেপি নেতা-কর্মীরা এবার তৃণমূলকে রাজ্য থেকে হটাতে একজোট হয়ে ভোটে খাটছেন।
জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এসআইআরে বাঁকুড়ায় সবমিলিয়ে মোট ১ লক্ষ ৪৩ হাজার নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাদ পড়েছে ১০ হাজার ভোটারের নাম। তার আগে প্রায় ১লক্ষ ৩৩ হাজার মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটার এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্বেই বাদ পড়ে। যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে অনেকেই বৈধ ভোটার রয়েছেন বলে প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা স্বীকার করে নিয়েছেন। তবে নাম বিভ্রাট সহ অন্যান্য কারণে তাঁদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় তিন হাজার জন জেলা প্রশাসনের মাধ্যমে আবেদন করেন। বাকিদের মধ্যে অনেকে অনলাইনে সরাসরির ট্রাইবুনালে আবেদন করেছেন। সাত জনের নাম ভোটের আগে তালিকায় ঠাঁই পেল। বাকিরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হল। কাগজপত্র মিলিয়ে দেখে নিচ্ছেন মহিলা ভোটকর্মীরা। -নিজস্ব চিত্র