• একজন বাঙালি ঘোরাচ্ছে গোটা ভারতবর্ষকে: দেব
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • সমীর সাহা, নবদ্বীপ: বৈষ্ণবতীর্থ নবদ্বীপে প্রেম-ভালোবাসার বার্তা দিয়ে বাঙালিয়ানায় শান দিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। তিনি বলেন, ‘একজন বাঙালি গোটা ভারতবর্ষকে ঘোরাচ্ছে, এটাই তো ভালো। মু্খ্যমন্ত্রীকে নিয়ে ওঁরা যে ভাষা প্রয়োগ করছেন, সেটা বাংলার কালচার নয়। এখানে জন্মেছেন চৈতন্য, স্বামীজি, রামকৃষ্ণ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ। বাংলার ভূমি অত্যন্ত সম্মানের। বাংলা অত্যন্ত একটা ভালোবাসার জায়গা।’ 

    বুধবার দুপুরে নবদ্বীপ বিধানসভার তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ (নন্দ) সাহার সমর্থনে রোড শো করেন দেব। বেলা সওয়া দুটো নাগাদ ভাগীরথী বিদ্যাপীঠের মাঠে হেলিকপ্টার নামার পরই তাঁকে দেখতে ভিড় উপচে পড়ে। বিশেষ করে যুবক-যুবতীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনেকেই দেবের ছবি নিজের হাতে এঁকে তাঁকে উপহার দেন। ভাগীরথী বিদ্যাপীঠের সামনে থেকে রোড শো শুরু হয়। হুডখোলা গাড়িতে ছিলেন দেব। সেখান থেকে কলাতলা মোড়, স্বরূপগঞ্জ ঘাট বাসস্ট্যান্ড চার মাথার মোড় হয়ে চর ব্রহ্মনগর ভূপেশ দে স্মৃতি কমিটির সামনে এসে বর্ণাঢ্য রোড শো শেষ হয়। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনী ও  পুলিশ কর্মীদের। যাঁরা পথে নামেননি, তাঁরাও দেবকে এক ঝলক দেখতে তীব্র রোদ উপেক্ষা করে বাড়ির বারান্দায়, ছাদে ঠায় দাঁড়িয়েছিলেন। কেউ দেবকে লক্ষ্য করে ফুল ছুড়ে দেন। কেউ কেউ আবার ছবি তোলার লোভ সামলাতে পারেননি। তৃণমূল নেতা-কর্মীদের ‘দেব দা, দেব দা’ স্লোগানে কেঁপে গোটা চৈতন্যভূমি। ঘড়ির কাঁটা ঠিক তিনটের ঘরে। দেবের হুডখোলা গাড়ি এসে থামে চরব্রহ্মনগরে। 

    এখানেই সাংবাদিকরা ছেঁকে ধরলে দেব বলেন, ‘আমরা ২টো ২০ মিনিট নাগাদ রোড শো শুরু করেছিলাম। এখন তিনটে বাজে। এই যে গরমে এত মানুষের ঢল, সেটা দেখার জন্য বলো, দলের জন্য বলো, তা দেখে তোমাদের কি মনে হচ্ছে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ তো। শুধু এখানে গোটা বাংলায় ঘুরছি। সব জায়গায় একই ছবি দেখেছি। তাই বলতে পারি, গতবারে আমরা যা সিট পেয়েছিলাম, তার চেয়ে ৫-১০ টা বেশি পাব।’ এরপরই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে। বিরোধীপক্ষের অনেক ষড়যন্ত্র, অস্ত্র। ভারতবর্ষের সমস্ত বড় বড় নেতা এখন বাংলায় আসছেন। দেখে মনে হচ্ছে যেন একা ইরানের বিরুদ্ধে পাওয়ারফুল দেশগুলির যুদ্ধ। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন একাই। বিরোধী দলের সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে একা দাঁড়িয়ে রয়েছেন। আসলে, ওঁরা কিভাবে বাংলায় জিতবে, সেই চেষ্টাই করে চলেছেন। তবে আমি বলব, যাঁর কাছে মানুষের আশীর্বাদ, ভালবাসা, দোয়া রয়েছে, তাঁর চিন্তা করার কোনো কারণ নেই। আগামী ৪ তারিখ মানুষই জবাব দেবে। 

    এদিন নবদ্বীপ থেকে ভাগীরথী পার হয়ে দেবের রোড শো দেখতে এসেছিলেন দীপান্বিতা, রূপসা, মৌমিতা, সুমিতা এবং বৃষ্টিরা। তাঁরা সঙ্গে করে এনেছিলেন দেবের বিভিন্ন মুহূর্তের ছবি। সেগুলি তাঁর হাতে তুলে দেন সকলেই। তাঁদের হাতে ছিল পোস্টার। সেখানে লেখা—‘শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত।’ মাজদিয়া-পানশিলার কানাইনগর থেকে ছোট নাতনি অনন্যাকে নিয়ে এসেছিলেন বৃদ্ধা মিনু ভদ্র। তিনি বলেন, ‘বাড়ি থেকে টোটো করে এসেছি দেবকে দেখব বলে।’ 

            • নবদ্বীপে দেবের রোড শো। 
  • Link to this news (বর্তমান)