• ভোটের ৩ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি, সতর্কবার্তা পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায়
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার বিধানসভা ভোটের দিন পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। অস্বস্তিকর গরম (হট অ্যান্ড হিউমিড) থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলাতেও। উপর্যুক্ত জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান ছাড়া বাকি সবগুলিতেই আজ ভোটগ্রহণ। তবে এই জেলাগুলি এবং মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনো কোনো স্থানে আজ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। আজ ভোটগ্রহণ উত্তরবঙ্গেও। সেখানে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার কিছু জায়গাতেও আজ ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের এসব এলাকায় ঝড়বৃষ্টি আপাতত চলবে। সেখানে তাপমাত্রাও অনেক কম। উত্তরবঙ্গের মালদহ, রায়গঞ্জ, বালুরঘাট প্রভৃতি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি বা তার বেশি। মালদহে তো এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। 

    বুধবার পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল। সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায় (৪১.৯ ডিগ্রি)। তবে পুরুলিয়া (৪১.৭), আসানসোল (৪১.৭), পানাগড় (৪১) ও কলাইকুণ্ডায় (৪০) তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির গণ্ডিতে বা তা পেরিয়ে। পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রির আশপাশে ছিল। 

    সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার ঊর্ধ্বে এবং সেটি স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বেশি হলে সমতল এলাকায় তাকে ‘তাপপ্রবাহ’ বলে ধরা হয়। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এদিন কিছুটা বেড়ে ৩৬.৪ ডিগ্রি হয়। এটা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (২৮ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি ছিল। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি, সল্টলেকে ৩৬.৮ ডিগ্রি, বারাকপুরে ৩৮.২ ডিগ্রি, উলুবেড়িয়ায় ৩৯ ডিগ্রি, মগরা ও বর্ধমানে ৩৮ ডিগ্রি, কৃষ্ণনগরে ৩৭ ডিগ্রি। 

    উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও গরম হাওয়ার দাপটে এই তাপপ্রবাহ পরিস্থিতি উত্তর, পশ্চিম, মধ্য ও পূর্ব ভারত জুড়ে চলছে।  সামগ্রিকভাবে দেশের এসব অংশে আগামী চার-পাঁচ দিন তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।

    তবে দক্ষিণবঙ্গে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির মাত্রা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ঝড়বৃষ্টি হলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে। তবে আগামী ২৯ এপ্রিল কলকাতাসহ দক্ষিণবঙ্গের যেসব জায়গায় ভোট আছে, সেখানে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা থাকবে, সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর এখনো কিছু জানায়নি।

     
  • Link to this news (বর্তমান)