• অসমে ১৯ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদের ‘কারিগর’, হিমন্তের মুখে নাগরিকত্ব দানের আশ্বাস
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: এনআরসি’র নাম করে অসমে প্রায় ১৯ লক্ষ হিন্দু বাঙালির নাম তালিকা থেকে বাদ দিয়েছেন যিনি, সেই হিমন্ত বিশ্বশর্মা আশ্বাস দিলেন, মতুয়াদের সমস্ত সমস্যা সমাধানের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুরেই অসমের মুখ্যমন্ত্রী মতুয়াদের নাগরিকত্ব মেলার প্রতিশ্রুতিও দিয়ে গেলেন। কিন্তু মতুয়ারা সেই প্রতিশ্রুতি আর আশ্বাস শুনলেন কি? বুধবার গাইঘাট থানার চাঁদপাড়া আমতলা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের যে মাঠে সভা করতে এসেছিলেন হিমন্ত বিশ্বশর্মা, ফাঁকা পড়েছিল সভাস্থল সার সার পাতা চেয়ার। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে সভা করতে এসে অসমের মুখ্যমন্ত্রীর আরজি—‘একবার বিজেপিকে সুযোগ দিন। বিজেপি এরাজ্যে সরকার গড়লে মতুয়াদের সমস্ত সমস্যা সমাধান হবে।’ এরপর মোদির ঢঙে বলেন—‘এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি।’ অসমের মুখ্যমন্ত্রীর দাবি, ‘এরাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের মতুয়াদের উপরও অত্যাচার কমবে।’ তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করেছে মতুয়ারা। কুম্ভিরাশ্রু’ বলেও আখ্যা দিয়েছেন মতুয়াদের কেউ কেউ। এবিষয়ে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, ‘চুন খেয়ে গাল পুড়ে গেলে দই দেখলেও ভয় করে। যে মানুষটি নিজের রাজ্যে ১৯ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়ে দিয়েছেন, তিনি আমাদের পাশে দাঁড়াবেন!’

    ধর্মীয় নানা ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করেন অসমের মুখ্যমন্ত্রী। ভাষণে একাধিক বার তাঁর মুখে দেবদেবীর নাম শোনা যায়। বাঙালি-আদিবাসী বিতারণ শুরু হয়েছে যে রাজ্যে, সেই অসম বিজেপি শাসনে কীভাবে এগচ্ছে, তাঁর বিবরণও দেন। ছোট মাঠে সভা হলেও, সভাস্থল ভরাতে ব্যর্থ হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সভাস্থলে সিংহভাগ চেয়ার ফাঁকাই পড়ে ছিল। 
  • Link to this news (বর্তমান)