• প্রথম দফা ভোটের আগের দিন হাওড়া বাসস্ট্যান্ডে উপচে পড়া ভিড়
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নির্বাচনের আগে বাড়ি ফেরার ভোগান্তির চেনা ছবি ফের একবার ফিরে এল ছাব্বিশের বিধানসভা ভোটের প্রথম দফার আগের দিন। মঙ্গলবার হাওড়া স্টেশন লাগোয়া দূরপাল্লার বাসস্ট্যান্ডে দেখা গেল হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। কিন্তু যাত্রীসংখ্যার তুলনায় বাসের সংখ্যা ছিল অত্যন্ত কম। ফলে বাড়ি ফেরার তাড়নায় কার্যত হাহাকার পরিস্থিতি তৈরি হয় বাসস্ট্যান্ড জুড়ে।

    প্রতি নির্বাচনের সময় গ্রামে ভোট দিতে যাওয়ার জন্য এই বাসস্ট্যান্ডে ভিড় নতুন কিছু নয়। কিন্তু এবার নির্বাচনি কাজে বহু বাস তুলে নেওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর একটি বাস আসতেই তাতে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এই সুযোগে লাগামছাড়া ভাড়া বৃদ্ধির অভিযোগ উঠেছে বাসচালক ও কন্ডাক্টরদের বিরুদ্ধে। যেখানে সাধারণ সময়ে ১০০ থেকে ২০০ টাকার টিকিট পাওয়া যায়, সেখানে মঙ্গলবার সেই ভাড়া বেড়ে দাঁড়ায় ৫০০ থেকে ৭০০ টাকায়। এমনকি, বাসের ছাদে উঠতেও দিতে হয়েছে ১০০ থেকে ১৫০ টাকা। নন্দকুমারের বাসিন্দা দিলীপ মাইতি বলেন, ‘প্রতিবার ভোটের সময় আমাদের এভাবে চার-পাঁচগুণ ভাড়া দিতে হয়। অথচ কেউ কোনো ব্যবস্থা নেয় না’। ছেলেকে নিয়ে বাসের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন বিভূতি দাস। তাঁর কথায়, ‘ভোট দিতে হবে বলেই এত ঝুঁকি নিয়েও যাচ্ছি। জানি এটা বেআইনি, কিন্তু উপায় নেই।’ বাসস্ট্যান্ডে দুপুর থেকেই কয়েক হাজার যাত্রী ভিড় জমাতে শুরু করেন। গরমে হাঁসফাঁস পরিস্থিতির মধ্যেই গাদাগাদি করে বাসে ওঠেন অনেকে। কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়েন। সারাদিন ধরেই অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় টিকিটের কালোবাজারি চললেও তা রোখার কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তার দাবি, ‘এই ধরনের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত এসংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়েনি’। গণতন্ত্রের অন্যতম উৎসবে অংশ নিতে এভাবেই নানা প্রতিকূলতা উপেক্ষা করে বাড়ির পথে রওনা দিলেন মানুষ। বাড়তি খরচ, ঝুঁকি এবং ভোগান্তি— সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে ভোট দেওয়ার আগ্রহ। 

     পুলিশের সঙ্গে বচসা। নিজস্ব চিত্র। 
  • Link to this news (বর্তমান)