• পুরোনো আক্রোশেই খুন করা হয় দিল্লির IRS অফিসারের মেয়েকে, হোটেল থেকে গ্রেপ্তার অভিযুক্ত
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • দিল্লির IRS অফিসারের মেয়েকে ধর্ষণের পরে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার। দিল্লির অমর কলোনিতে বুধবার সকালে খুন হন ওই তরুণী। ধর্ষণ ও খুনে জড়িত থাকার অভিযোগ ওঠে বাড়ির পুরোনো পরিচারক রাহুল মিনার বিরুদ্ধে। বুধবার রাতেই তাকে দিল্লির দ্বারকা এলাকার একটি OYO হোটেল থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ওই তরুণী ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন। তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

    দিল্লি পুলিশের একটি সূত্রের খবর, অমর কলোনির সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার সকাল ৬টা ২৪ মিনিটে অভিযুক্ত হলুদ রংয়ের শার্ট পরে তরুণীদের আবাসনের দিকে যাচ্ছে। তার সূত্র ধরেই তল্লাশি শুরু করে দিল্লি পুলিশ। ফুটেজে আরও দেখা যায়, রাহুল আবাসনের মেন গেট দিয়ে ঢুকছে সকাল ৬টা ৩০ মিনিটে। তরুণীদের বাড়িতে ঢুকছে সকাল ৬টা ৩৯ মিনিটে। তাঁদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সকাল ৭টা ২০ মিনিটে।

    দিল্লির জয়েন্ট পুলিশ কমিশনার বিজয় কুমার জানান, খুনের সময় তরুণীর বাবা-মা বাড়ি ছিলেন না। তাঁরা জিমে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা-মা। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই পুলিশ কর্তা জানান, তরুণীকে খুন করা হয়েছে জানতে পেরেই ১৫টি পৃথক দল গড়ে তদন্ত শুরু করা হয়। সিসিটিভি ফুটেজে পাওয়া ছবি পাঠানো হয় আশপাশের সব থানায়। একটি সূত্রে খবর মেলে দ্বারকার একটি OYO হোটেলে রয়েছে রাহুল। সেখান থেকে তাকে গ্রেপ্তারস করেন তদন্তকারীরা।

    তদন্তকারীদের একটি সূত্র জানিয়েছে, রাহুল জুয়া খেলত এবং জুয়ার টাকা জোগাড় করার জন্য সে তরুণীদের বাড়ি থেকে টাকা চুরি করত। সেই কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেই আক্রোশেই খুন বলে মনে করা হচ্ছে। তদন্তকারীদের ওই সূত্রের দাবি, দিন কয়েক আগে রাজস্থানের আলওয়ারে একই ধরনের অপরাধ ঘটিয়েছে রাহুল।

  • Link to this news (এই সময়)