শুরু গণতন্ত্রের উৎসব। রাজ্যের ১৬টি জেলায় আজ, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন। মোট ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করাতে এ বার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অশান্তি বা হিংসার ঘটনা রুখতে সর্বক্ষণ চালু থাকছে কমিশনের টোল ফ্রি নম্বর। রয়েছে অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ই-মেল আইডিও।
নির্বাচন কমিশনের টোল ফ্রি নম্বর– 18003450008
কমিশনের ই-মেল আইডি– wbfreeandfairpolls@gmail.com
রাজ্যের নির্বাচনী ইতিহাসে অশান্তির ঘটনা নতুন নয়। পঞ্চায়েত থেকে বিধানসভা, লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলের সংঘর্ষ, বিরোধী, অশান্তির চিত্র উঠে এসেছে একাধিকবার। এ বারের নির্বাচনে অশান্তি রুখতে চালু থাকছে কমিশনের এই যোগাযোগ নম্বর। আপনার এলাকায় বা বুথে কোনওরকম অশান্তির খবর পেলে বাড়িতে বসেই এই নম্বরে যোগাযোগ করতে পারেন বা ই-মেল করতে পারেন।
১) প্রথম দফায় মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথে ভোটগ্রহণ হবে। তার মধ্যে প্রধান বুথের সংখ্যা ৪১ হাজার ৪১৮। সহকারী বুথ রয়েছে ২৯৫৮টি।
২) এ বারের নির্বাচনে প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে।
৩) প্রথম দফার নির্বাচনে প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন।
৪) সবমিলিয়ে মোট ৬৪ হাজার ৪৬৬টি ভিভিপ্যাট, ৫৯ হাজার ৭৭৭টি ব্যালট ইউনিট এবং ৫৯ হাজার ৯৮০টি কন্ট্রোল ইউনিট ব্যবহৃত হবে।
৫) প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে মুর্শিদাবাদ জেলায়।