• গরমে অসুস্থ ভোটকর্মীরা, অব্যবস্থার অভিযোগ
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৬
  • এই সময়, তমলুক: প্রথম দফার ভোটগ্রহণ আজ, বৃহস্পতিবার। তার আগে বুধবারেই ডিসিআরসি থেকে ইভিএম এবং ভোটগ্রহণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে হয়েছে ভোটকর্মীদের। ভিড় আর গরমে তমলুকের ডিসিআরসিতে ভোটকর্মীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। প্রচণ্ড গরমে একাধিক ভোটকর্মী এ দিন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। অভিযোগ, অসুস্থদের জন্য অ্যাম্বুল্যান্স সময়মতো পাওয়া যায়নি। যদিও অব্যবস্থার অভিযোগ অস্বীকার করেছে জেলা প্রশাসন।

    স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৬টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণের জন্য পাঁচটি জায়গায় ডিসিআরসি তৈরি হয়েছিল। তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা ও বাজকুল-এই পাঁচটি জায়গায় ডিসিআরসি থেকে ভোটকর্মীরা ইভিএম এবং ভোটের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন।

    এর মধ্যে তমলুক মহকুমার ছ'টি বিধানসভার ভোটকর্মীদের জন্য শহিদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট মহিলা কলেজে ক্যাম্প করা হয়েছিল। বুধবার ভোটকর্মীদের বেশ কয়েকজন সেখানে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে।

    ভোটকর্মী রাজশ্রী মণ্ডল বলেন, 'গরমে ভালো করে শ্বাস নেওয়া যাচ্ছিল না। মেডিক্যাল টিম অনেক দেরিতে এসেছে।' যদিও এই অভিযোগ মানতে নারাজ জেলা প্রশাসন। জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, বৃষ্টির কথা মাথায় রেখেই ক্যাম্পের চারদিক ঘেরা হয়েছিল। পরে তা খুলে দেওয়া হয়।'

  • Link to this news (এই সময়)