• সোনারপুরে বিএলওকে হুমকি, ধৃত বিজেপি কর্মী
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটার তালিকায় ডিলিটেড। অর্থাৎ চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি। সেই কারণে মহিলা বিএলও’কে দায়ী করে ফোন করে উত্যক্ত করার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিষয়টি এমন পর্যায়ে যায় সোনারপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন বিএলও। তার ভিত্তিতে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সমীর বিশ্বাস নামে অভিযুক্ত বিজেপি কর্মীকে। জানা গিয়েছে, ওই ব্যক্তির তথ্য সংক্রান্ত গরমিল পাওয়া থাকায় তাঁকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। তিনি বিভিন্ন নথি জমা দিয়েছিলেন। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় কারও সঙ্গে লিংক দেখাতে পারেননি সমীরবাবু। ফলে তাঁর নাম বিচারাধীন হয়ে যায়। সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যায়, তিনি ডিলিটেড। অভিযোগ, এরপর থেকে মহিলাকে ফোন করে নানাভাবে উত্যক্ত করতে শুরু করেন বিজেপি কর্মী। কেন নাম ওঠেনি এই নিয়েও হুমকির সুরে কথা বলেন তিনি বলে দাবি মহিলার। বারবার বারণ করার পরও সমীর কথা না শোনায়, বিরক্ত হয়ে তাঁর নম্বর ব্লক করে দিয়েছিলেন বিএলও। কিন্তু তারপর অন্য নম্বর থেকে ফোন করে একইভাবে উত্যক্ত করছিলেন বলে অভিযোগ। অবশেষে মঙ্গলবার থানায় এসে নালিশ করেন মহিলা। সূত্রের খবর, রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি ধৃত বিজেপি কর্মীর। আদালতে নিয়ে যাওয়ার পথে জানতে চাওয়া হয়, তিনি কেন বিএলওকে দায়ী করছেন? সেই কথার কোনো উত্তর দেননি অভিযুক্ত। 

    মেয়েকে নিয়ে একা থাকেন পেশায় শিক্ষিকা ওই বিএলও। অভিযুক্তের বারবার ফোন করে উত্যক্ত করার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। বুধবার ধৃত বিজেপি কর্মীকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা বলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, কমিশনের কাজ করতে গিয়ে যদি হুমকি শুনতে হয়,তাহলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। বড়ো কিছু ঘটলে কে সুরক্ষা দেবে।
  • Link to this news (বর্তমান)