নিজস্ব প্রতিনিধি, আমডাঙা ও হরিপাল: ঠিক এক বছর আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। বুধবার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে সেই ঘটনা উল্লেখ করে মোদি-শাহকে তীব্র কটাক্ষে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তুমি পাকিস্তানকে অ্যাটাক করতে পারো না। পহেলগাঁও আটকাতে পারো না। আর এখানে সাঁজোয়া গাড়ি নিয়ে এসে ভোট করাচ্ছে মোদি ভাই- শাহ ভাই। মণিপুরের মানুষ কী অবস্থায় আছে? যান, সেখানে গিয়ে দেখে আসুন।’
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন ঘুরে বেড়াচ্ছে সারি সারি সাঁজোয়া গাড়ি। বাংলাজুড়ে মোতায়েন হয়েছে আড়াই লক্ষ আধাসেনা। রুট মার্চের পাশাপাশি বুথে বুথে তাঁদের পাহারায় বসানো হয়েছে তাঁদের। এই পরিস্থিতির প্রেক্ষিতে মমতা বলেন, ‘বাংলায় মিলিটারি পাঠিয়েছে জোর করে ভোট করার জন্য। মিলিটারি ভাইদের আমি বলব, আপনাদেরকে স্যালুট। আপনাদের আমরা সম্মান করি। দেশের মানুষকে রক্ষা করেন, তাই কুর্নিশ করি। আপনারা বিজেপির হয়ে ভোট করাবেন না।’
তবে এত কিছু করেও বিজেপি বাংলা দখলের স্বপ্ন অধরাই থাকবে বলে জানিয়েছেন মমতা। ভোটপর্বের অনেক আগে থেকে এরাজ্যে আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় কমিশন। এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি-কমিশনের উদ্দেশে মমতা বলেন, ‘সাঁজোয়া গাড়ি, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সব নিয়ে আসছ শুধু বাংলা দখল করবে বলে! কোনোদিন হবে না। জিতবে বাংলার মানুষ। আমরা বাংলা জয় করে, দিল্লি দখল করব। একক ক্ষমতায় কেন্দ্রে সরকার গড়তে পারেনি বিজেপি। দুটো দলের সহযোগিতায় টিকে আছে। ছাব্বিশেই মোদি সরকার পড়ে যাবে।’
আলু চাষিদের প্রসঙ্গেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, ‘এরাজ্যে বহিরাগত ভোটারদের নিয়ে আসতে রেলের রেক নিয়ে কোনো সমস্যা হয় না। অথচ, আলু চাষিদের উৎপাদিত ফসল ভিন রাজ্যে রপ্তানির জন্য রেক দিতেই ওদের যত সমস্যা।’ বেছে বেছে তৃণমূলের লোকজনকে গ্রেপ্তার করার চক্রান্ত হচ্ছে বলেও সরব হন তিনি।
বাংলায় এবার অতিরিক্ত আলু উৎপাদন হওয়ায় দাম পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন চাষিরা। তাঁদের পাশে থাকতে সবরকম পদক্ষেপ করা হয়েছে জানিয়ে মমতা বলেন, ‘বাংলাকে হিংসা করছে। আলু চাষিদের জন্য খুব দরদ! আলুর মালা নিয়ে ঘুরছে। আলু চাষিদের জন্য আমরা যা করেছি, তা বাংলার ইতিহাসে কেউ করেনি। কৃষকরা সব জানেন। তাঁদের ভুল বোঝানো যাবে না।’