• পুরানো মামলায় কবি শ্রীজাতর নামে গ্রেপ্তারি পরোয়ানা, তুমুল বিতর্ক!
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও কৃষ্ণনগর: কৃষ্ণনগর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কবি শ্রীজাতর নামে। বুধবার সকাল থেকে এমনই একটি খবরে তোলপাড় হয় বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক মহল। শ্রীজাত প্রথমে সংবাদমাধ্যমে বলেছিলেন, এখনও তাঁর কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। যদিও পরে তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানার খবর ঠিক। 

    এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সকাল থেকে একের পর এক ফোন-মেসেজ এসেছে। শ্রীজাতকে নাকি কেউ ফোন করে বলেছেন, আপনাকে গ্রেপ্তার করা হবে। আমি ওঁকে সঙ্গে সঙ্গে ফোন করলাম। এ আবার কী!’ এরই মাঝে নির্বাচন কমিশন সমাজমাধ্যমে জানিয়ে দেয়, এই বিষয়টি ‘ভুয়ো’। শ্রীজাত এই বিষয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কাউকে দায়ী করার আগেই কেন কমিশন এই উত্তর দিতে গেল, তিনি বুঝতে পারছেন না। যদিও বিকালের দিকে শ্রীজাত সমাজমাধ্যমে লেখেন, ‘আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, একশো ভাগ সত্যি। আপাতত এইটুকুই। বাকি কথা পরে হবে।’ তাঁর নামে ২০১৯ সালে কৃষ্ণনগর আদালতে একটি কবিতা লেখার জন্য মামলা হয়েছিল। সেই মামলার ভিত্তিতে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শ্রীজাত আরও জানিয়েছেন, তিনি এই খবর বিশ্বস্ত সূত্র মারফত জানতে পেরেছেন। গ্রেপ্তারি পরোয়ানা লালবাজারে এলে তারপর আঞ্চলিক থানা সেই মতো ব্যবস্থা নিয়ে থাকে।

    পেশায় আইনজীবী অভিযোগকারী রমিত শীল বলেন, ‘মামলাটা হয়েছিল ২০১৯ সালে। আমি হিন্দু মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখেই এই মামলটি করিয়েছিলাম।’
  • Link to this news (বর্তমান)