• ১০ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি শহরের নামী হৃদরোগ বিশেষজ্ঞকে
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেওয়া হল  কলকাতার পঞ্চসায়র থানা এলাকার এক নামী বেসরকারি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ তথা বিভাগীয় প্রধান উত্তমকুমার সাহাকে। ‘৫০০ টাকার নোটে পেমেন্ট করতে হবে। টাকা না দিলে ‘সাইলেন্ট কিলার’দের দল তাঁর পরিবারের সদস্যদের একে একে গুলি করে খুন করবে।’ স্পিড পোস্টে পাঠানো এই চিঠিতে চিকিৎসককে দুষ্কৃতীদলটি সতর্ক করে বলেছে, ‘বিষয়টি পুলিশকে জানানো হলে তাঁর বিপদ বাড়বে।’ 

    স্বভাবতই এমন হুমকি চিঠি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই চিকিৎসক সহ কলকাতার চিকিৎসকদের একটি বড় অংশ। তড়িঘড়ি তিনি বিষয়টি কলকাতার পূর্ব যাদবপুর থানাকে জানিয়েছেন। ইতিমধ্যে এই হুমকি-চিঠির তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। তবে কে বা কারা এই চিঠি পাঠিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। এনিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্রর প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি। 

    হৃদরোগ বিশেষজ্ঞ তথা বিভাগীয় প্রধান উত্তমকুমার সাহার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বুধবার পূর্ব যাদবপুরের ক্লিনিকে থাকার সময় স্পিড পোস্ট মারফত এই চিঠি পেয়েছি। অত্যন্ত কাঁচা ইংরেজিতে টাইপ করা ওই চিঠিতে বলা হয়েছে, সামনে রাজ্যে বিধানসভা ভোট। পুলিশ প্রশাসন ভোট নিয়ে ব্যস্ত। তাই পুলিশকে জানালে বিশেষ লাভ হবে না। একমাত্র বাঁচার উপায় অস্ত্রধারী বাউন্সার মোতায়েন করা। কিন্তু এতে তাঁর বিপুল পরিমান টাকা প্রতি মাসে খরচ হবে। তার থেকে টাকা মিটিয়ে দেওয়াই ভালো।

    চিঠিতে নিজেদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষিত এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদে সুসজ্জিত বলে দাবি করেছে দুষ্কৃতী দলটি। আজ, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ সায়েন্স সিটির ১ নম্বর গেটে কালো রংয়ের স্কুল ব্যাগে করে চিকিৎসককে এই ১০ লক্ষ টাকা মিটিয়ে দিতে 

    বলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)